এনায়েতপুরে যমুনায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বালু দস্যু কর্তৃক মিথ্যা হয়রানী মুলক মামলার নিন্দা ও স্থায়ী ভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে এনায়েতপুর হাট চত্তরে ঘন্টা ব্যাপী এই কর্মসুচিতে এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক ডনুর সভাপতিত্বে থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী, এবিএম শামীম হক, খুকনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফাজ উদ্দিন ব্যাপারী, ইউপি সদস্য সোহরাব আলী, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম মোন্নাফ, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন ব্যাপারী, মিজানুর রহমান কহি, মহির উদ্দিন, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, টানা ১০ বছর ধরে এনায়েতপুর থানার যমুনার নদীর বিভিন্ন এলাকা থেকে প্রভাব খাটিয়ে একটি চক্র কোটি-কোটি টাকার অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করায় বাক্ষ্মনগ্রাম, আড়কান্দি, জালালপুর, ঘাটাবাড়ি, পাকড়তলা, সহ আশপাশের এলাকার অন্তত ৪ সহস্রাদিক ঘর-বাড়ি, আবাদী জমি বিলীন হয়েছে। তার পরও থেমে নেই বালু উত্তোলন। পাউবো, জনপ্রতিনিধি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে করোনা কালে লাল মিয়া মেম্বরের নেতৃত্বে বালু লুট অব্যাহত রয়েছে। এলাকাবাসী এর প্রতিবাদ করায় হত্যার হুমকি সহ ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দায়ের করেছে বালু দস্যুরা। আমরা বালু লুট বন্ধ সহ মিথ্যার মামলা দ্রুত প্রত্যাহারের দাবী জানাচ্ছি। তা না হলে সর্বস্তরের এলাকাবাসী জেলা প্রশাসনের কার্যলয় ঘেরাও কর্মসুচি দেবে।
এ মানববন্ধন কর্মসুচিতে এলাকার ৫ গ্রামের ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।