শিরোনামঃ
নিউজরুম ২২-০৭-২০২১ ০৯:৪২ অপরাহ্ন |
মালয়েশিয়ায় কথা কাটাকাটির জেরে এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে আরেক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তারা দুজনই একই কক্ষে থাকতেন এবং একই জায়গায় কাজ করতেন বলে জানা গেছে।
তবে পুলিশ নিহত বাংলাদেশি ও গ্রেফতার বাংলাদেশির নাম-ঠিকানা প্রকাশ করেনি।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তুয়ানকু হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় মালয়েশিয়ার সেরেমবান প্রদেশের একটি নির্মাণাধীন ভবন থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, ওই ব্যক্তির মরদেহ পুলিশকে না জানিয়েই দাফন করা হয়েছিল। পরে নিয়োগকর্তা নিহত ব্যক্তিকে দীর্ঘদিন কাজে অনুপস্থিত থাকায় খোঁজ করেন কিন্তু তাকে না পেয়ে তিনি বিষয়টি পুলিশকে জানান। এরপরই অভিযুক্ত ওই ব্যক্তি পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। তারপর অভিযান চালিয়ে ২৯ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করে মালয়েশিয়ান পুলিশ। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন।
সেরেম্বান থানার প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সাইদ ইব্রাহিম বলেছেন, এখানকার তামান মুতিয়ারা গাল্লায় একটি নির্মাণাধীন ভবনে ৩০ বছর বয়সী ওই বাংলাদেশিকে মাথায় কাঠ দিয়ে আঘাত করে খুন করা হয়। এরপর তাকে সেখানেই দাফন করেন অভিযুক্ত যুবক।
তিনি আরও বলেন, অভিযুক্ত পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তিনি তার স্বদেশিকে হত্যা করেছেন। হত্যার পর যেখানে লাশ দাফন করা হয়েছে সে জায়গাটিও তিনি পুলিশকে সনাক্তকরণে সহযোগিতা করেছেন। এ সময় যে কাঠের টুকরা দিয়ে তাকে হত্যা করা হয়েছে সেই কাঠের টুকরাটিও উদ্ধার করেছে পুলিশ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com