শিরোনামঃ
নিউজরুম ১৯-০৭-২০২১ ০৬:৩৭ অপরাহ্ন |
নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা পার্লামেন্টে সদস্যদের আস্থা ভোটে জয়ী হয়েছেন। গত মে মাসে ভেঙে দেওয়া পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল হওয়ার কয়েক দিনের মাথায় রোববার অনুষ্ঠিত হয় ভোট।
দেশটির ২৭৫ আসনের পার্লামেন্টে আস্থা ভোটে জেতার জন্য ১৩৬ ভোটের প্রয়োজন, যেখানে দিউবা পেয়েছেন ১৬৫ ভোট।
১৯৯৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চার বার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন দিউবা। পঞ্চমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হলেন প্রবীণ এই রাজনীতিবিদ।
নিজ দলে কোন্দলের মুখে গত বছরের ডিসেম্বরের দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পার্লামেন্ট ভেঙে দেন। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। এরপর পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান তিনি। কিন্তু বিরোধীরাও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। এতে প্রধানমন্ত্রী পদে টিকেও যান ওলি। কিন্তু সমস্যার সমাধান হয়নি তখনো।
সরকার ও দলে নিজের অবস্থান শক্তিশালী করতে গত মে মাসে আবারও পার্লামেন্ট ভেঙে দেন ওলি। কিন্তু দেশটির আইন প্রণেতারা এর বিরুদ্ধে অবস্থান নেন। পরে ওলির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান আইনপ্রণেতা ও অধিকারকর্মীরা। পরে আদালতের আদেশে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শের বাহাদুর দেউবাকে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী হিসেবে বিদ্যমান অচলাবস্থা নিরসনের পাশাপাশি করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছেন ৭৫ বছর বয়সী শের বাহাদুর দিউবা। আশা করা হচ্ছে, টানা কয়েক মাস ধরে চলা নেপালের রাজনৈতিক অস্থিরতা, সংশয় ও জটিলতার সমাধান হবে এবার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com