লকডাউনে গার্মেন্টস খোলা রাখতে চান মালিকরা, সিদ্ধান্ত সন্ধ্যায়
৩০ এপ্রিল, ২০২৬ ০৮:৪৫ পূর্বাহ্ন

  

লকডাউনে গার্মেন্টস খোলা রাখতে চান মালিকরা, সিদ্ধান্ত সন্ধ্যায়

নিউজরুম
২৯-০৬-২০২১ ০৮:৪৫ অপরাহ্ন
লকডাউনে গার্মেন্টস খোলা রাখতে চান মালিকরা, সিদ্ধান্ত সন্ধ্যায়

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কঠোর বিধিনিষেধের মধ্যেও মালিকরা গার্মেন্টস খোলা রাখার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (২৯ জুন) সচিবালয়ে তৈরি পোশাক শিল্পে কর্মরত মিড-লেভেল ম্যানেজার ও কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে তিনটি প্রফেশনাল কোর্সের (পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা) উদ্দেশ্যে চুক্তি সই করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

লকডাউনে গার্মেন্টস শিল্পের বিষয়ে কী সিদ্ধান্ত হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘সে সিদ্ধান্তটি কেবিনেট ডিভিশন থেকে ঠিক করবে। এই মুহূর্ত পর্যন্ত আমরা কোনো নির্দেশনা পাইনি। হয়তো আজ সন্ধ্যার পরে এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত হবে। তার আগে কথা বলাটা ঠিক হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘লকডাউনে সব ধরনের নিয়ম-কানুন মেনে মালিকরা গার্মেন্টস খোলা রাখতে চান। এ সেক্টরে কর্মরতরা বাসা থেকে বের হয়ে সোজা ফ্যাক্টরিতে যান। ফ্যাক্টরিতে ঢোকার সময় তাদের পরীক্ষা করা হয়, শরীর কেমন সেটি দেখা হয়। তাদের হ্যান্ড স্যানিটাইজ করা হয়, মাস্ক পরানো হয়। আবার একইভাবে তারা বাসায় ফিরে যান। ফলে সমাজের আরেক শ্রেণির সঙ্গে মেশার সুযোগ তাদের খুব কম।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মালিকদের দেয়া তথ্য অনুযায়ী গার্মেন্টস সেক্টরে যারা কাজ করেন তাদের মধ্যে এ রোগের বিস্তার খুব কম। তাদের যে লজিক আমরা যেহেতু মেইনটেইন করেছি, বিদেশে প্রোডাক্ট যাবে সেটি জাতির স্বার্থে দরকার। সামনে ঈদ আসছে, বেতন-বোনাসের বিষয় রয়েছে। সবচেয়ে বড় বিষয় তারা যেটি বলছে যা আমাদের বিবেচনায় নেয়া প্রয়োজন হতে পারে, সেটি হলো- আজকে ৪০ লাখ শ্রমিককে যদি ছুটি দিয়ে দেই গতবারের অভিজ্ঞতা বলে এসব শ্রমিককে আমরা ঢাকা বা ঢাকার আশেপাশে রাখতে পারিনি। দেখা গেছে সবাই সারাদেশে সেই ঝিনাইদহ, সাতক্ষীরা থেকে রংপুর-কুড়িগ্রামসহ সারাদেশে ছড়িয়ে পড়েছে। মালিকদের লজিক এই মানুষদের যদি ছড়িয়ে দেয়া হয় তাহলে কিন্তু তারা যখন ফিরে আসবে তখন সারাদেশ থেকে তারা অসুস্থতা নিয়ে ফিরে আসতে পারে। তাদের সুরক্ষিত রাখতে পারলে হয়তো বিস্তৃতিটা কমবে। এসব লজিক তারা উপস্থাপন করেছে।’

তিনি আরও বলেন, ‘কেবিনেট হয়তো তাদের যুক্তি দিয়ে চিন্তা করবে। সব বিবেচনা করে তারা গতবারের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিতে পারবে। সেজন্য আমরা অপেক্ষা করতে চাই।’

নতুন চুক্তির মধ্য দিয়ে তৈরি পোশাক শিল্পে কর্মরত মিড লেভেল ম্যানেজার ও কর্মকর্তারা নিজের দক্ষতা বাড়াতে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার সুযোগ পাবেন।

পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সগুলোর মধ্যে রয়েছে- গার্মেন্টস বিজনেস ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সিস্টেম ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।

প্রতিটি কোর্সে ৩৫ জন করে মোট ১০৫ জনকে এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ দেয়া হবে। ছয় মাস মেয়াদি কোর্সের ক্রেডিট ধরা হয়েছে ২৪।

আবেদনকারীদের যাচাই বাছাই করার দায়িত্ব থাকছে বিজিএমইএ এবং বিকেএমইএ’র কাছে।

এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার আর্থিক ব্যয়ভার বহন করবে সরকার ও সিএমসি তহবিল। ১০৫ জনের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে মূল্য সংযোজন করসহ মোট খরচ হবে ৯০ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। সিএমসি তহবিল ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এই অর্থ পরিশোধ করবে।


নিউজরুম ২৯-০৬-২০২১ ০৮:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 286 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com