জাবিতে ফের অনলাইনে নিয়োগ বোর্ড
০৩ মে, ২০২৬ ০৫:১৮ অপরাহ্ন

  

জাবিতে ফের অনলাইনে নিয়োগ বোর্ড

নিউজরুম
১৮-০৬-২০২১ ০৩:৫৩ অপরাহ্ন
জাবিতে ফের অনলাইনে নিয়োগ বোর্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবার মাইক্রোবায়োলজি বিভাগে পাঁচ শিক্ষক নিয়োগের সাক্ষাৎকার অনলাইনে নেয়া হবে। শনিবার (১৯ জুন) এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক শুভ্র কান্তি দে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমাদের বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটি দেড় বছর আগের। প্রায় সাত বছর বিভাগে নতুন কোনো শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। এদিকে বিভাগের কয়েকজন শিক্ষক উচ্চশিক্ষার জন্য ছুটিতে যাচ্ছেন। ফলে বিভাগে শিক্ষকের সঙ্কট দেখা দিয়েছে। এখন আমরা অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিতে হিমশিম খাচ্ছি। তাই জরুরি প্রয়োজনে নতুন শিক্ষক নিয়োগ দিতে হচ্ছে।’

তবে অনলাইনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আরোপিত শর্ত জাহাঙ্গীরনগরে মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইনেও শর্ত সাপেক্ষে নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণের অনুমতি দিয়েছে ইউজিসি। গত শনিবার (১২ জুন) ইউজিসির জরুরি সভায় পাঁচটি শর্ত মেনে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষক নিয়োগ দেয়া যাবে বলে সিদ্ধান্ত হয়।

এই শর্তের একটিতে (তৃতীয়) বলা হয়, ‘অনলাইনে নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ষদের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট অনুমোদিত একটি নীতিমালা থাকতে হবে।’

কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, অনলাইনে নিয়োগ পরীক্ষার জন্য ইউজিসির তৃতীয় শর্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ষদের কোনো সভা অনুষ্ঠিত হয়নি।

এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা আমাদের নির্দেশনা জানিয়েছি। নির্দেশনা অনুসরণ করে স্বচ্ছতার মাধ্যমে অনলাইনে শিক্ষক নিয়োগ হবে বলে আশা করি।’

এরআগে অনলাইনে দর্শন বিভাগে শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১০ জুন একই বিভাগের চার শিক্ষক হাইকোর্টে রিট করেন। ১৫ জুন রিটের প্রাথমিক শুনানি হয়। শুনানিতে ২০ জুন পর্যন্ত নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দেন হাইকোর্ট।

মাইক্রোবায়োলজি বিভাগে নিয়োগের বিষয়ে আদালতে রিটের পক্ষে শুনানি করা আইনজীবী সৈয়দা নাসরিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনলাইনে সাক্ষাৎকার নেয়া হবে কি-না, এই পুরো বিষয়টিই আদালতে আলোচনায় এসেছে। তবে আদালত যেহেতু অনলাইন প্রক্রিয়াটির জন্যই স্থগিতাদেশ দিয়েছে তাই সেই প্রক্রিয়া অনুসরণ করে এর মাঝেই আবারো শিক্ষক নিয়োগ ঠিক নয়।’

এসব বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজকে একাধিকবার মোবাইলে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।


নিউজরুম ১৮-০৬-২০২১ ০৩:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 358 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com