শিরোনামঃ
নিউজরুম ০৩-০৬-২০২১ ০৩:১৩ অপরাহ্ন |
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড আগের মতো বহাল রাখা এবং দ্রুত নবম পে-কমিশন গঠন ও নবম পে-স্কেলের মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করাসহ প্রধানমন্ত্রী ও ইউজিসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাতটি অনুরোধ জানিয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (আবিকফ)।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলন করে এ অনুরোধ তুলে ধরেন আবিকফের নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবিকফের আহ্বায়ক মো. আতিয়ার রহমান, সদস্য সচিব মো. হাসানুজ্জামানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব মো. হাসানুজ্জামান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারীর বিরুদ্ধে কোথাও আর্থিক দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না। কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি- বঙ্গবন্ধু একটি দুর্নীতিমুক্ত স্বাধীন সোনার বাংলা গড়ার জন্য এ দেশকে স্বাধীন করেছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরলসভাবে সততার সঙ্গে কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আমাদের ক্ষুদ্র অবস্থান থেকে অবদান রাখতে চাই। বিনিময়ে আমরা সম্মানের সঙ্গে বাঁচতে চাই কিন্তু বিভিন্ন সময় আমাদের ১১-২০ গ্রেডের কর্মচারীদের চরম বৈষম্যের শিকার হতে হয়েছে। তাই বাধ্য হয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি ও ইউজিসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় অবগতি ও সমাধানের ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের অনুরোধগুলো তুলে ধরছি।’
সংবাদ সম্মেলনে তুলে ধরা তাদের অনুরোধগুলো হলো-
১. টাইম স্কেল ও সিলেকশন গ্রেড আগের মতো বহাল রাখা এবং দ্রুত নবম পে-কমিশন গঠন এবং নবম পে-স্কেলের মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করা;
২. পে-কমিশন গঠন ও পে-স্কেল প্রদানের মাধ্যমে বেতন বৈষম্য কমানোর আগে ১১ ২০ গ্রেডের কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেয়ার ব্যবস্থা গ্রহণ করা;
৩. শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সরাসরি নিয়োগের ৬০ শতাংশ অভ্যন্তরীণ প্রার্থীদের মাধ্যমে পূরণ এবং আপগ্রেডেশন যোগ্যদের মধ্যে যারা ডিউডেট আছে সেখান থেকে ১০০ শতাংশ আপগ্রেডেশন দেয়া;
৪. ব্লক পদে পদোন্নতির সুযোগ রেখে সকল স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোকে এক ও অভিন্ন নীতিমালা প্রণয়ন করা;
৫. বেতন বৈষম্য নিরসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণয়নকৃত ১৯৭৩ সালের নীতিমালার আলোকে দশটি গ্রেড পুনরায় বাস্তবায়ন করা;
৬. বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ভূমি ক্রয়সহ গৃহনির্মাণের জন্য প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য ফান্ড ও ঋণের বিপরীতে বীমার গ্যারান্টিতে ৫ শতাংশ ভর্তুকিতে ঋণের প্রাপ্যতা সহজ করা এবং
৭. ১১-২০ গ্রেডের কর্মচারীদের বাড়িভাড়া বেসিকের শতভাগ ও স্বল্পমূল্যে রেশনের ব্যবস্থা। চিকিৎসা, টিফিন, যাতায়াত ভাতা বাস্তবসম্মতভাবে পুনরায় নির্ধারণ করা এবং অতিরিক্ত কর্মঘন্টার কাজের মজুরি বেসিক হারে প্রদান করা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com