শিরোনামঃ
নিউজরুম ২২-০৫-২০২১ ০৮:৪২ অপরাহ্ন |
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ পেয়ে রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজানপুর ও মতিঝিল থানা পুলিশ।
গ্রেপ্তার যুবকরা হলেন- মো. বাবু (২৫) ও মো. মোজাম্মেল হোসেন ওরফে প্রিন্স (৩২)।
শুক্রবার (২১ মে) ডিএমপির শাহজাহানপুর ও মতিঝিল থানা পুলিশের যৌথ অভিযানে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাই করা মোবাইল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২২ মে) এ বিষয়ে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে থানায় জানানো হয়, এক ব্যক্তি রিকশায় করে যাওয়ার পথে শাহজাহানপুর মীর্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের পাশে ছিনতাইয়ের শিকার হন। মোটরসাইকেলে আসা দুইজন ছিনতাইকারী ভুক্তভোগীর রিকশার গতিরোধ করে তার পকেটে থাকা একটি মোবাইল ফোন টান মেরে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশে থাকা লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক ছিনতাইয়ের বিষয়টি ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান।
রফিকুল ইসলাম আরও বলেন, ৯৯৯ শাহজাহানপুর ও মতিঝিল থানাকে ছিনতাইয়ের বিষয়ে অবহিত করে। এমন সংবাদের ভিত্তিতে দুই থানার যৌথ অভিযানে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এই ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার যুবকরা জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।
এ বিষয়ে শাহাজাহানপুর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com