শিরোনামঃ
নিউজরুম ১১-০৫-২০২১ ০৮:৫৫ অপরাহ্ন |
ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করে ক্যাসিনো প্লাটফর্মের মাধ্যমে অনলাইনে জুয়া ব্যবসা পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহিনুর রহমান (২৬), দীপ্ত রায় প্রান্ত (২৫), মো. গোলাম মোস্তফা (২৬) ও মো. রাকিবুল হাসান (২৭)।
তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে খিলক্ষেত থানায় মামলা হয়েছে। ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোমবার (১০ মে) রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ল্যাপটপ, আইপ্যাড, একাধিক স্মার্টফোন, হার্ডডিস্ক, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ মে) দুপুরে এসব তথ্য জানান ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিমের সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, একটি সংঘবদ্ধ দেশি-বিদেশি প্রতারকচক্র বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সি এবং পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রত্যেকেই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র।
এসি সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার শাহিনুর ক্যাসিনো প্লাটফর্মের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করে। এছাড়া অর্থ লেনদেন করে। তিনি পেমেন্ট গেটওয়ে মেলবেট ও লাইনবেটের সরাসরি এজেন্ট। আর গ্রেফতার দীপ্ত রায়, মোস্তফা ও রাকিবুল মোভক্যাশের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করে।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে অবৈধ জুয়া পরিচালনার ভার্চুয়াল কারেন্সি আদান-প্রদান এবং ডিপোজিট-এনক্যাশ করতেন। অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য তারা দেশ-বিদেশের বিভিন্ন এজেন্টের কাছ থেকে কারেন্সি সংগ্রহ করে দেশব্যাপী অনলাইন জুয়াড়িদের সরবরাহ করতেন। তারা গ্রাহকদের সঙ্গে এই কারেন্সি বিক্রি এবং এনক্যাশের জন্য জয়পুরহাটের আক্কেলপুর, টাংগাইল এবং ঢাকাসহ বিভিন্ন এলাকার বিকাশ, নগদ ও রকেট এজেন্ট নম্বর ব্যবহার করতেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com