শিরোনামঃ
নিউজরুম ০৫-০৫-২০২১ ০৩:৪৮ অপরাহ্ন |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুর্নীতি বিরোধী শিক্ষকদের লাঞ্ছনা ও তাদের গুলি করার হুমকির প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে রাবি শাখা বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
বুধবার (৫ মে) সংগঠনটির দফতর সম্পাদক অন্তু বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে সংগঠনটির রাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল আলম সম্রাট ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, ‘শিক্ষকদের লাঞ্ছনা এবং তাদের গুলি করার হুমকি দিয়ে ছাত্রলীগ তাদের সন্ত্রাসী মনোভাবকেই প্রকাশ করেছে। আমরা মনে করি এটা গুরুতর অপরাধ। এই অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং এই সন্ত্রাসীদের মদদদাতাদের খুঁজে বের করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।’
তারা বলেন, ‘আমরা দেখেছি প্রক্টরের সামনেই এ ঘটনা ঘটলেও তিনি দর্শকের ভূমিকা পালন করেন। এ ঘটনায় প্রক্টরের চরম দায়িত্বহীনতা পরিচয় পাওয়া যায়। এই দায়িত্বহীন প্রক্টর বিগত সময়েও শিক্ষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ফলে দ্রুত এই মেরুদণ্ডহীন প্রক্টরের অপসারণও চায় ছাত্র ফেডারেশন।
এর আগে ৪ মে সিন্ডিকেট সভা বন্ধের দাবি জানাতে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবিরোধী শিক্ষকদের একটি দল উপাচার্য এম আব্দুস সোবহানের সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যান। কিন্তু উপাচার্যের বাড়ির সামনে শিক্ষকদের ছাত্রলীগ বাধা দিলে এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় তাদের মধ্য থেকে আকাশ নামের একজন শিক্ষকদের গুলি করার হুমকি দেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com