শিরোনামঃ
নিউজরুম ২৫-০৪-২০২১ ০৩:৫৭ অপরাহ্ন |
সাভারে পাওনা ৩০০ টাকার জন্য বাড়ি থেকে ডেকে রাজিব শেখ (২৬) নামে এক বাসচালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধু নাজিম মন্ডলের বিরুদ্ধে।
ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত নাজিম মন্ডলকে আটক করেছে পুলিশ। এছাড়া নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় রোববার সকালে নিহতের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে শনিবার রাতে সাভারের আনন্দপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাজিব শেখ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আনিস শেখের ছেলে। অপরদিকে আটক নাজিম মন্ডল রাজবাড়ী জেলার মৃত কাদের মন্ডলের ছেলে। তিনি সাভারে বেসরকারি একটি প্রতিষ্ঠানের ভ্যান চালান।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পাওনা ৩০০ টাকার জন্য দুই বন্ধুর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নাজিম ছুরি দিয়ে রাজিবের গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পরে অভিযান চালিয়ে ঘাতক নাজিমকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আসামি নাজিম মন্ডলকে আদালতে পাঠানো হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com