প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা কার্যক্রম বাড়ানো হবে
১৩ মে, ২০২৬ ০৪:০২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা কার্যক্রম বাড়ানো হবে

নিউজরুম
১২-০৪-২০২১ ১০:১৫ অপরাহ্ন
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা কার্যক্রম বাড়ানো হবে

প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে পল্লী সমাজসেবা কার্যক্রমের পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সোমবার (১২ এপ্রিল) সমাজসেবা অধিদফতর আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস) হতে পারে উন্নয়নের রোল মডেল’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। অনলাইনের মাধ্যমে তিনি সেমিনারে যোগ দেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পল্লী সমাজসেবা কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। সূচনাকাল থেকে এ কার্যক্রম দেশের দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে।’

মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করতে সক্ষম হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আজকে যারা মিথ্যাচার করে বঙ্গবন্ধুর অমর কীর্তিকে ভুল প্রমাণ করতে চায় তাদের উদ্দেশে বলতে চাই আপনাদের খেয়াল করা উচিত, বিশ্বে বিভিন্ন যুদ্ধের পর মিত্রবাহিনী কতদিন অবস্থান করেছিল, সেখানে বঙ্গবন্ধুর কথায় স্বল্প সময়ের মধ্যে ভারতীয় সৈন্য ফেরত নেয়া হয়েছিল।’

স্বাধীনতা বিরোধীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যাচার এদেশের জনগণ সায় দেয়নি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে তার চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছেন, আপনারা পারেননি। বঙ্গবন্ধু ছাড়া দেশ স্বাধীন হতো না, বাঙালি জাতিসত্তার উন্মোচন হতোনা, এই সত্য আপনারা বলেন না, আপনারা মিথ্যাচারের মাধ্যমে পবিত্র কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে বিপথগামী করতে চাচ্ছেন। পৃথিবী যতদিন থাকবে বঙ্গবন্ধুর আদর্শ ততদিন থাকবে। এ দেশের ১৭ কোটি মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখবে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পর প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে পল্লী সমাজসেবা কার্যক্রমের উদ্ভাবন করে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করা হচ্ছে। পল্লী সমাজসেবা কার্যক্রমকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে। এ কার্যক্রমকে বেগবান করার জন্য ৫০০ কোটি টাকার তহবিল প্রদানের কাজ চলমান রয়েছে।’

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সম্পদ, মানবসম্পদ। বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে পল্লী জনগোষ্ঠীর মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। জনগণ যদি সামান্য পুঁজি পায় এবং সঠিক উপায়ে তা ব্যবহার করতে পারলে তারা স্বাবলম্বী হতে পারে। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে পল্লী সমাজসেবা কার্যক্রমের (আরএসএস) মাধ্যমে অতি দরিদ্র শ্রেণির মানুষকে দারিদ্রতার হাত থেকে রক্ষা করা যায়।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম।


নিউজরুম ১২-০৪-২০২১ ১০:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 323 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com