রামেক হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে নার্সের মামলা
১৮ এপ্রিল, ২০২৬ ০৯:২০ পূর্বাহ্ন

  

রামেক হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে নার্সের মামলা

নিউজরুম
২৩-০৩-২০২১ ০৭:৩৩ অপরাহ্ন
রামেক হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে নার্সের মামলা

যৌন হয়রানির অভিযোগে ডা. মামুন-অর-রহমান নামের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক নার্স।

মঙ্গলবার (২৩ মার্চ) রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ তিনি মামলাটি করেন। বাদীর পক্ষে মামলার আবেদন দাখিল করেন আইনজীবী শারমীন কানিজ।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত ডা. মামুন-অর-রহমান চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক। ছুটি নিয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যানেসথেসিয়া ডিপ্লোমা করছেন। সেখান থেকেই কোর্স সম্পন্ন করতে এসেছিলেন রামেক হাসপাতালে। এই নার্সকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তার কোর্স বাতিল করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রায় ১০ মাস আগে সরকারি চাকরিতে ঢুকেছেন ভুক্তভোগী নার্স। গত ১৮ জানুয়ারি তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দায়িত্ব দেয়া হয়। আর সেদিনই দায়িত্বরত চিকিৎসক মামুন-অর-রহমান তাকে যৌন হয়রানি করেন। পরদিন একই কাণ্ড ঘটান এই চিকিৎসক। ঘটনা জানাজানি হলে ২০ জানুয়ারি ডা. মামুনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করে। কমিটি ১০ ফেব্রুয়ারি হাসপাতাল পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেয়।

তবে তদন্ত কমিটি ওই চিকিৎসককে ক্ষমা করে দেয়ার সুপারিশ করে। প্রতিবেদনের একটি কপি নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে পাঠান হাসপাতাল পরিচালক।

এদিকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরও আলাদা একটি কমিটি গঠন করে ঘটনার তদন্ত করছে। সেই তদন্ত এখনো শেষ হয়নি। এরই মধ্যে গত ১৮ মার্চ অভিযোগকারী নার্সকে চট্টগ্রাম মেডিকেল কলেজে বদলি করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার ওই আদেশে স্বাক্ষর করেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পরদিনই বদলির আদেশ বাতিল করা হয়।

ভুক্তভোগী নার্সের আইনজীবী শারমীন কানিজ বলেন, ‘আদালত মামলার আবেদনটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়েছেন। একইসঙ্গে আগামী ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।’

চিকিৎসক ডা. মামুন-অর-রহমানকে মোবাইল ফোনে কল দেয়া হলে প্রথমে তার নম্বর বলে স্বীকার করেন, তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ভুল নম্বর বলে কল কেটে দেন।


নিউজরুম ২৩-০৩-২০২১ ০৭:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 561 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com