শিরোনামঃ
নিউজরুম ২২-০৩-২০২১ ০৬:৩৭ অপরাহ্ন |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর উত্তরায় ‘রাজনীতির মহাকবি’ শীর্ষক বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এক চিত্রপ্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ৭ মার্চের ভাষণকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা। তার এই ভাষণ আমাদেরকে সংঘটিত করেছে, আমাদেরকে যুদ্ধে যাওয়ার সাহস জুগিয়েছে। সূর্য না উঠলে সকাল হয় না। আমাদের জাতীয় জীবনে বঙ্গবন্ধুই সূর্য। সেই সূর্যের আলোয় আমরা আলোকিত। সেই সূর্য আমাদের পথ দেখায়।’
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘উত্তরা সাত নম্বর সেক্টরে আমরা একটি মুজিব মঞ্চ করতে যাচ্ছি। এটার কাজ শুরু হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে, লাল-সবুজের পতাকার পেছনে যে মানুষটি আছে, যে মহাকবি আছে, সেই মহাকবি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে নিয়েই আমরা একটি বঙ্গবন্ধু মুক্তমঞ্চের কাজ শুরু করেছি।’

তিনি বলেন, ‘আমরা কয়দিন আগে খিদির খালে গিয়েছিলাম, দেখি ডানদিকে খিদির খাল বামদিকে খিদির খাল মাঝখানে আর খালটি নেই। এটি দখল করে বহুতলা বিল্ডিংয়ের জন্য কাজ শুরু করেছে। আমরা বুলডোজার দিয়ে তা ভেঙে দিই। এর পেছনে স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতারা আমাকে সেদিন সহায়তা করেছিল। এই যে জনগণের সম্পৃক্ততা, এই যে জনগণের ভালোবাসা, বিশেষ করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠন যেভাবে এগিয়ে এসেছে, এতে আমরা নিশ্চিত, একটা খালও আমাদের থেকে কেউ দখল করে নিতে পারবে না। একটি মাঠ কেউ দখল করে নিতে পারবে না। অবশ্যই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই মাঠগুলোকে ফিরিয়ে দেব।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, ‘রাজনীতির মহাকবি অনেক অনেক বার্তা দিয়ে গেছেন। তিনি বলেছেন, স্বাধীনতা লাভ করা যেমন কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও কঠিন। আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, দেশের মানুষের অধিকার চাই। তাইতো আজ বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান।’
অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা-১০ আসনের সাংসদ শফিউল ইসলাম মহিউদ্দিন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com