শিরোনামঃ
নিউজরুম ১৯-০৩-২০২১ ০৬:২৭ অপরাহ্ন |
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিটি জন্মসনদের সঙ্গে একটি গাছের চারা উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার (১৯ মার্চ) মোহাম্মদপুর ঈদগাহ মাঠে বিডি ক্লিনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। পরে বিডি ক্লিনের এক হাজার ৮০০ স্বেচ্ছাসেবী সারাদিন ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ড এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
মেয়র বলেন, ‘প্রত্যেক সন্তানের নামে অভিভাবকরা যদি একটি করে গাছ লাগান, তাহলে এই ঢাকা শহরে আর অক্সিজেনের অভাব হবে না। আবার বর্জ্য বাইরে ফেলে তার জন্য আবার কর্তৃপক্ষকে দোষ দিলে কাজ হবে না।’
আতিকুল ইসলাম বলেন, ‘আমরা নিজের ঘরটা পরিষ্কার রাখি, আর ময়লাটা ফেলে দেই বাইরে। সকালে দোকান খোলার পরই সব ময়লা ফেলে দেয়া হয় করপোরেশনের নালায়। কিন্তু কেন আমরা এগুলো করছি? কার জন্য করছি? আপনারা ময়লা ফেলে দেবেন বাইরে, আর বিডি ক্লিন রাস্তা পরিষ্কার করবে, এটা হতে পারে না।'
মোহাম্মদপুরের বিভিন্ন আবাসিক এলাকার দুই ভবনের মাঝে ফেলে দেয়া ময়লা-আবর্জনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘মেথর প্যাসেজে সবাই ময়লা ছুড়ে ফেলে। সিটি করপোরেশন একাধিকবার সেই ময়লা পরিষ্কার করে দিয়েছে। তারপরও ময়লা ফেলা হয়। তারা ময়লা ফেলে দেবে, সেখানে মশা হবে, আর নগরবাসী গালি দেবে সিটি করপোরেশনকে, এটা হতে পারে না।’
অনুষ্ঠানে সংসদ সদস্য সাদেক খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন আহমেদ, নাহিদ ইজাহার খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com