শিরোনামঃ
নিউজরুম ১৯-০৩-২০২১ ০৬:২১ অপরাহ্ন |
এই সপ্তাহে সিলেটের জাফলংয়ে উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিকের দুটি গানের শুটিং সম্পন্ন হয়েছে। উদিত নারায়ণের ‘ইচ্ছে হলে তুমি’ গানটিতে মডেল হয়েছেন রাজুব ভৌমিক ও লারা লোটাস।
এছাড়া অলকা ইয়াগনিকের ‘তোমার হৃদয় জুড়ে’ গানটিতে মডেল হয়েছেন রাজুব ভৌমিক, অনামিকা জুথি এবং তানিম আহমেদ। দুটি গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পরিচালক ইমরান হাওলাদার।
দুটি গানই লিখেছেন রাজুব ভৌমিক। উল্লেখ্য, উদিত নারায়ণের ‘ইচ্ছে হলে তুমি’ গান একটি আয়না সঙ্গীত। এই গানটি বিশ্বের দ্বিতীয় আয়না সঙ্গীত যেটি সর্বমোট ছয় লাইনের বা ষাট বর্ণের গান এবং দুই দিক থেকেই গানের সুর করে গাওয়া হয়। প্রথম আয়না সঙ্গীতের গানটি গেয়েছেন ন্যান্সি।
পরিচালক ইমরান হাওলাদার বলেন, ‘রাজুবের সাথে অনেকদিনের পরিচয়। অবশেষে তার সাথে কাজ করতে পারার এক দারুণ অভিজ্ঞতা হলো। শুটিংয়ে সবার কাছ থেকে সর্বোচ্চটি আদায় করার চেষ্টা করেছি। আশা করি দুটো গানই আপনাদের বেশ ভালো লাগবে।’
রাজুব ভৌমিক বলেন, ‘বাংলাদেশে শুটিং করার নতুন এক অভিজ্ঞতা হয়েছে। মজার বেশ কিছু ঘটনা ঘটেছে। মডেল হিসেবে আমার বেশিরভাগ কাজ নিউইয়র্কে করা কিন্তু এখানে সবার কাছ থেকে বেশ সহায়তা পেয়েছি। দুটি মিউজিক্যাল ফিল্মের গল্প এবং থিম অসাধারণ ছিল। শুটিং অনেক উপভোগ করেছি।’
প্রযোজক তানিম আহমেদ বলেন, ‘রাজুব দাদা বাংলাদেশে আসছেন শুনে এই পরিকল্পনা। উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিকের দুটি রোমান্টিক গানের শুটিং সফলভাবে সম্পন্ন হলো সেজন্য আমি টিমের সবার প্রতি কৃতজ্ঞ। সবার পারফরমেন্স সামনে থেকে দেখলাম। অনেক ভালো লাগলো।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com