শিরোনামঃ
নিউজরুম ২৬-০২-২০২১ ০৬:৪৩ অপরাহ্ন |
বুধবার পাকিস্তান সুপার লিগের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে আসরের প্রথম সেঞ্চুরি করেছেন ইসলামাবাদ ইউনাইটেডের বাঁহাতি ওপেনার শারজিল খান। ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন ৩১ বছর বয়সী শারজিল। প্রায় নিয়মিতই পাচ্ছেন বড় ইনিংসের দেখা।
তবু যেন মন ভরেনি সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের। তিনি এখন নজর দিয়েছেন শারজিলের ফিটনেসের দিকে। তবে এটি যে বাঁহাতি ব্যাটসম্যানের ভালোর জন্যই চিন্তা, তাও পরিষ্কার করেছেন শোয়েব। মূলত শারজিলের বিশাল বপু কমানোর পরামর্শই দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
নিজের ইউটিউব চ্যানেলে দেয়া ভিডিওবার্তায় শোয়েব বলেছেন, ‘প্রথমত, শারজিল যে কি না পাকিস্তান ক্রিকেট ও নিজের অনেক ক্ষতি করেছে, সে ঘুরে দাঁড়াচ্ছে এবং দারুণ পারফর্ম করছে। তবু আমি তার কাছ থেকে একটা জিনিস চাই। সেটা হলো ফিটনেস। তোমার ফিটনেস ভালো না হলে, দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যাবে।’
তিনি আরও যোগ করেন, ‘নিজের ফিটনেসের যত্ন নাও। পাঁচ বছর অনেক বড় সময়। কামরান আকমল এবং শারজিল খান যদি দলে থাকত, তাহলে ওপেনিংয়ের সমস্যাটা দূর হয়ে যেত। আমি তোমার (শারজিল) কাছ থেকে আরও ভালো আশা করি। নিজের সেরাটা দিয়ে পাকিস্তানের সেবা করো।’
এসময় ইসলামাবাদের অধিনায়ক শাদাব খানের ব্যাপারে শোয়েব বলে, ‘শাদাবের অধিনায়কত্ব দুর্দান্ত ছিল। লক্ষ্য যদি ২১০ রানের হয়, সেটাও তাড়া করতে পারত ইসলামাবাদ ইউনাইটেড। কারণ তাড়া অসাধারণ খেলছিল। হুসাইন তালাত, ফাহিম আশরাফদের ওপর বিনিয়োগ করা হয়েছে। তারা ভালো খেলছেও। ভবিষ্যতে এমন অলরাউন্ডারই প্রয়োজন আমাদের।’
‘যেসব দলের ব্যাটিং লাইনআপ গভীর এবং ভালো ফিনিশার আছে, তারাই বেশি ম্যাচ জিতবে। ইফতিখার আহমেদ, হুসাইন তালাত, আসিফ আলিরা এ জিনিসটা দেখিয়েছে। ফাহিম আশরাফও ভাল ক্যামিও খেলেছে। তবে এটা আবার কাজে দেবে না, যদি ফাস্ট বোলাররা উইকেট না নেয়।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com