শিরোনামঃ
নিউজরুম ২৮-০১-২০২১ ০৯:৩৫ অপরাহ্ন |
দেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনা প্রতিরোধের দাবিতে রাজধানীতে সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর সোবহানবাগ মসজিদের পাশে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশে একবিংশ শতাব্দীতে এসেও নারীরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। সাম্প্রতিক সময়ে এই সহিংসতার হার অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। নারী-পুরুষের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়। কিন্তু নারীদের নিরাপত্তার বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা এখনো তৎপর নয়। এ বিষয়ে তাদের কোনো পরিকল্পনা বা পদক্ষেপ নিতে দেখা যায় না।
বক্তারা আরও বলেন, জাতীয় উন্নয়ন পরিকল্পনায় অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়। কিন্তু নারীবান্ধব বা নারীর কল্যাণমূলক কোনো ইস্যু গুরুত্ব পায় না।
এ সময় জাতীয় পরিকল্পনা নীতিতে ও সংসদ অধিবেশনে নারীর ইস্যুকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করার দাবি জানান বক্তারা।
সমাবেশে আরও বক্তব্য দেন- সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেখা চৌধুরী, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনুস, কেন্দ্রীয় কমিটির লিগ্যাল অ্যাডভোকেসি অ্যাডভোকেট মাকছুদা আক্তারসহ তরুণ প্রজন্মের প্রতিনিধি নেহা জামান।
সমাবেশ শেষে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ স্পিকারের প্রতিনিধির কাছে স্মারকলিপি দেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com