শিরোনামঃ
নিউজরুম ২৬-০১-২০২১ ০৬:৪৯ অপরাহ্ন |
করোনাভাইরাস মহামারির মধ্যে সরকারি নির্দেশ অমান্য এবং স্বাস্থ্য সুরক্ষার সব দিক উপেক্ষা করে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের কোচিং করানোর দায়ে প্রতিষ্ঠানের পরিচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার পাতারহাট বন্দরের তেতুলতলা সড়কের অম্বিকাপুর এলাকার হাতে খড়ি স্কুল অ্যান্ড কোচিং সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুস চন্দ্র দের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছিল। সে সময় ওই কোচিং সেন্টারের পরিচালক ছাড়াও ছয়জন শিক্ষক উপস্থিত ছিলেন। তাছাড়া কোচিং সেন্টারে ৪৫ থেকে ৫০ শিক্ষার্থীদের অভিভাবকও ছিলেন। এসময় কোচিং অবস্থায় কয়েকজন শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন ইউএনও। পরে ভ্রাম্যমাণ আদালত হাতে খড়ি স্কুল অ্যান্ড কোচিং সেন্টারে পরিচালক মো. হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক পিযুস চন্দ্র দে জানান, সরকারি নির্দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। কওমি মাদরাসা বাদে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। তবে নির্দেশ অমান্য করে হাতে খড়ি স্কুল অ্যান্ড কোচিং সেন্টার পরিচলনা করা হচ্ছিল। অভিযানের সময় দেখা যায়, একটি কক্ষে অনেকটা গাদাগাদি করে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থীকে বসানো হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মুখে মাস্ক ছিল না। কোচিং সেন্টারে ৫ থেকে ১০ বছরের শিশুর সংখ্যাই বেশি। করোনা পরিস্থিতির মধ্যে কোচিং সেন্টারে স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থাই নেয়া হয়নি।
পিযুস চন্দ্র দে বলেন, আইন লঙ্ঘন করায় কোচিং সেন্টারের পরিচালক হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তাকে সতর্ক করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com