শিরোনামঃ
নিউজরুম ০৭-১১-২০২০ ০৪:২৩ অপরাহ্ন |
কানাডার প্রধান চারটি প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। গতকাল আলবার্টায় করোনায় নতুন করে পাঁচজন মারা গেছে। আরো বিধিনিষেধের প্রয়োজন হবে কিনা তা নির্ধারণের জন্য পর্যবেক্ষণ করছে আলবার্টার জনস্বাস্থ্য বিভাগ।
আলবার্টা স্বাস্থ্যসেবা বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. ডিনা হিনশা বলেছেন, আলবার্টা প্রদেশে গতকাল পর্যন্ত প্রায় ১৪ হাজার পরীক্ষা করে প্রায় ৮০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখনও একটি অনুপাতের পরিমাণ রয়েছে, এটি প্রায় ৪০ শতাংশ।
জানা গেছে, পাঁচটি নতুন মৃত্যুর মধ্যে দু’জন ক্যালগেরির। একজন আলবার্টা হেলথ সার্ভিসের সাউথ জোনের এবং বাকি দুইজন অ্যাডমনটনের। আলবার্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৩০ জন, যেখানে ক্যালগেরি জোনেই ২ হাজার ৬১০ জন। আক্রান্তদের মধ্যে ১৬৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
অন্যদিকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া নতুন ৪২৫ জনের করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করে দৈনিক রেকর্ড গড়েছে। ব্রিটিশ কলম্বিয়ার প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. বনি হেনরি বৃহস্পতিবার ঘোষণা দেন কলম্বিয়াতে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ হাজার ৩ শত ৮৯ জনে দাঁড়িয়েছে।
এর মধ্যে নিবিড় পরিচর্যায় ২৪ জনসহ হাসপাতালে ভর্তি রয়েছে ৯৭ জন রোগী। উল্লেখ্য, সর্বপ্রথম কানাডার ব্রিটিশ কলম্বিয়াতেই করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়।
অন্যদিকে কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম বলেছেন, মাস্কের মাধ্যমে করোনার সংক্রমণ থেকে রেহায় পাওয়া যায় এটি প্রমাণিত। তিনি ফাঁকা জায়গা ছাড়া সকল স্থানে কানাডিয়ানদের মাস্ক পরার আহ্বান জানান।
ডা. থেরেসা ট্যাম শীত মৌসুমে করোনার বিস্তার বাড়তে পারে বলে আগেই সতর্ক করেছিলেন। তিনি করোনার বিস্তার রোধে শীতকালে বাড়ির অভ্যন্তরেই বেশি সময় কাটানোর আহ্বান জানিয়ে তিন স্তরের নন-মেডিকেল মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, কানাডায় সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকলেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে না, বরং উদ্বেগজনকহারে বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৩৩৮ জন, মৃত্যুবরণ করেছে ১০ হাজার ৩ শত ৮১ জন এবং সুস্থ হয়েছে ২ লাখ ৭ হাজার ৯৯৮ জন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com