দ্বিতীয় সুপার ওভারও টাই হলে কি হতো?
২৮ এপ্রিল, ২০২৬ ১২:১১ অপরাহ্ন

  

দ্বিতীয় সুপার ওভারও টাই হলে কি হতো?

নিউজরুম
১৯-১০-২০২০ ০৮:৪৪ অপরাহ্ন
দ্বিতীয় সুপার ওভারও টাই হলে কি হতো?

রোববার নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হলো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কোনো ক্রিকেট ম্যাচে প্রথমবারের মতো দেখা মিলল দুটি সুপার ওভারের। মূল ম্যাচে টাইয়ের পর প্রথম সুপার ওভারও টাই করে কিংস ইলেভেন পাঞ্জাব আর মুম্বাই ইন্ডিয়ান্স।

কিন্তু ২০১৯ বিশ্বকাপ ফাইনালের মতো বাউন্ডারির হিসেবে বিজয়ী বেছে নেয়া নয়। নতুন নিয়ম অনুযায়ী, আরও একটি সুপার ওভার লড়াইয়ের আয়োজন হয় দুই দলের মধ্যে। সেই লড়াইয়ে শেষ হাসি হাসে কিংস ইলেভেন পাঞ্জাব।

কিন্তু যদি দ্বিতীয় সুপার ওভারটিও টাই হতো, তবে কি হতো? এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। এমন কিছু হওয়া কঠিন হলেও অসম্ভব তো নয়। যদি তেমন হতো, তবে কোন দলকে বিজয়ী ঘোষণা করা হতো?

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, যদি দ্বিতীয় সুপার ওভারটিও টাই হতো, তবে আরেকটি সুপার ওভারে নামতে হতো দুই দলকে। এভাবে এক ওভার করে খেলা চলতে থাকতো বিজয়ী নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত। অনেকটা ফুটবলের পেনাল্টি শ্যুটআউটে সাডেন ডেথের মতো।

কিন্তু যদি সুপার ওভারে ফল আসার আগেই কোনো ঝামেলায় পড়ে যেতো ম্যাচ? বৃষ্টি বা অন্য কোনো সমস্যা হতো, তখন? তখনও কোনো দলকে বিজয়ী ঘোষণা করা হতো না। বরং টাই হিসেবেই ধরা হতো ম্যাচটিকে, দুই দলকে ভাগ করে দেয়া হতো পয়েন্ট।

আরেকটি ব্যাপার। যদি ম্যাচটি তৃতীয় সুপার ওভারে গড়াতো, তবে প্রথম সুপার ওভারের বোলার এবং ব্যাটসম্যানরা এতে অংশ নিতে পারতেন। সেক্ষেত্রে মুম্বাইয়ের জাসপ্রিত বুমরাহ এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মোহাম্মদ শামি আবারও বল করতে পারতেন। ব্যাটিংয়ে নামতে পারতেন রোহিত শর্মা, কুইন্টন ডি কক, লোকেশ রাহুল, নিকোলাস পুরান আর দীপক হুদা।

ম্যাচে প্রথম সুপার ওভার করায় দ্বিতীয় সুপার ওভারে বল হাতে নিতে পারেননি বুমরাহ আর শামি। ব্যাটসম্যানদের ক্ষেত্রে নিয়ম হলো, যদি আউট হয়ে যান, তবে দ্বিতীয় সুপার ওভারে নামতে পারবেন না।

সেই জন্যই মুম্বাই ইন্ডিয়ান্সের কুইন্টন ডি কক এবং কিংস ইলেভেন পঞ্জাবের লোকেশ রাহুল ও নিকোলাস পুরানের কাছে সুযোগ ছিল না ব্যাট করার। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা যদিও চাইলে নামতেই পারতেন দ্বিতীয় সুপার ওভারে।


নিউজরুম ১৯-১০-২০২০ ০৮:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 286 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com