ধোনি বলছেন, ‘চেন্নাইয়ের জাহাজে অনেক ফুটো’
২৯ এপ্রিল, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন

  

ধোনি বলছেন, ‘চেন্নাইয়ের জাহাজে অনেক ফুটো’

নিউজরুম
১১-১০-২০২০ ০২:২২ অপরাহ্ন
ধোনি বলছেন, ‘চেন্নাইয়ের জাহাজে অনেক ফুটো’

আইপিএলের ইতিহাসে সফলতম দল মুম্বাই ইন্ডিয়ানস। এখনও পর্যন্ত চারবার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দলের নাম জিজ্ঞেস করলে সেটা নিশ্চিতভাবেই হবে চেন্নাই সুপার কিংস। কেননা একমাত্র দল হিসেবে আগের প্রতিটি আসরে তারা পৌঁছেছে সেরা চারে।

শুধু সেরা চারে যাওয়াই নয়, এখনও পর্যন্ত শেষ হওয়া আইপিএলের ১২টি আসরে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। এছাড়া রানার্সআপ হয়েছে পাঁচবার। অর্থাৎ আইপিএলের ১২ আসরের মধ্যে ৮ বারই ফাইনাল খেলেছে মহেন্দ্র সিং ধোনির দল। যার ধারেকাছেও অন্য কোনো দল।

অথচ এবারের আসরে এর ধারেকাছেও নেই চেন্নাইয়ের পারফরম্যান্স। চ্যাম্পিয়ন-রানার্সআপ দূরে থাকে, প্রথমবারের মতো প্রথম রাউন্ডেই বাদ পড়ার শঙ্কা জেগেছে তাদের। আসরে এখনও পর্যন্ত খেলা সাত ম্যাচে মাত্র দুইটি জিতেছে চেন্নাই। টুর্নামেন্টের বাকি সাত ম্যাচে এমন পারফরম্যান্স বজায় থাকলে ভালো কিছুর আশা একদমই নেই।

দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মনে করছেন, এবারের আসরে যেনো চেন্নাইয়ের সব ডিপার্টমেন্টেই কিছু না কিছু ত্রুটি দেখা যাচ্ছে। যেটিকে তিনি উল্লেখ করেছেন, জাহাজে অনেক ফুটো থাকার সঙ্গে। শনিবার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে পরাজয়ের পর নিজের হতাশার কথা জানিয়েছেন চেন্নাই অধিনায়ক।

শনিবার রাতের ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির ৫২ বলে ৯০ রানের টর্ণেডোতে ভর করে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ব্যাঙ্গালুরু। জবাবে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১৩২ রান তুলতে সক্ষম হয়েছে চেন্নাই। যা তাদের দিয়েছে আসরে পঞ্চম পরাজয়ের বেদনা।

ম্যাচশেষে চেন্নাই অধিনায়ক বলেন, ‘ব্যাটিং সবসময়ই আমাদের চিন্তার কারণ ছিল, যেটা আজকের ম্যাচেও দেখা গেলো। আমার মনে হয়, এ বিষয়ে শিগগিরই কিছু করা দরকার। কেননা বারবার আপনি মাঠে নামবেন এবং একই জিনিসের পুনরাবৃত্তি ঘটবে- তা হতে পারে না। হতে পারে ব্যক্তিগত দিক থেকে বিষয়গুলো আলাদা।’

‘আমার কাছে মনে হচ্ছে, গায়ের শক্তির দিক থেকে আমাদের ব্যাটিং খানিকটা পিছিয়ে আছে। বিশেষ করে ছয় ওভারের পরে। কখনও কখনও নির্দিষ্ট খেলোয়াড় হয়তো দাঁড়িয়ে যায়। কিন্তু এভাবে বেশিদূর এগুনো যায় না। একটা নির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন হয় সব দলের বিপক্ষেই। ম্যাচে ৭ থেকে ১৪ ওভারের সময় কিভাবে খেলতে হবে তাও ঠিক করে ভেবে নেয়া উচিত।’

চেন্নাই অধিনায়কের মতে ব্যাটিংয়ের মতো এবার বোলিংও ভোগাচ্ছে তাদের, ‘বোলিং ডিপার্টমেন্টের কথা বললে, আমরা দেখিয়েছি যে প্রতিপক্ষকে অল্পেই আটকে রাখতে পারি। কিন্তু সমস্যা হলো, কখনও প্রথম ৬ ওভারে কিংবা কখনও শেষের ৪ ওভারে খুব বেশি রান দিয়ে ফেলছি।’

তিনি আরও যোগ করেন, ‘বিষয়টা এখন এমন মনে হচ্ছে যে, জাহাজে অনেক বেশি ফুটো এবং আপনি একটা ফুটো বন্ধ করলে অন্য ফুটো দিয়ে পানি প্রবেশ করতে থাকে। আমাদেরকে সম্মিলিতভাবে কাজগুলো করতে হবে। একই ম্যাচে সবাইকে সমানভাবে কাজ করতে হবে, তাহলে কাঙ্ক্ষিত ফল আসতে পারে। আর ফলাফল আমাদের পক্ষে আনতে পারলে সবকিছুই বদলে যাবে।’


নিউজরুম ১১-১০-২০২০ ০২:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 268 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com