শিরোনামঃ
নিউজরুম ২৪-০৯-২০২০ ০৯:২৯ অপরাহ্ন |
সোলেমান মিয়া দীর্ঘ ১৫ বছর পর প্রবাস থেকে ছুটিতে গ্রামে আসেন। গ্রামে আসার পর সে উপলব্ধি করতে পারেন পরিবার, সমাজ, আত্মীয় স্বজনদের প্রতি তার অবদান কতটুকু। সমাজে সম্মান পেতে হলে শুধু বয়স বাড়লেই হয় না, তার সঙ্গে প্রয়োজন মোটা অংকের টাকারও।
এমনই ভাবনার এক গল্পে চ্যানেল আইয়ের জন্য নির্মিত হয়েছে নাটক ‘অবদান’। গত ঈদে ‘বাবারা সব পারে’ নাটকের ব্যাপক সাফল্যর পর আবারো পাপ্পু রাজের রচনায় এই নাটকটি নির্মাণ করেছেন এস এম কামরুজ্জামান সাগর।
জীবন বোধের এই টেলিভিশন কাহিনীচিত্রটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে পূবাইলে। পরিচালক জানান, এখানে প্রবাসী সোলেমানের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। আরও আছেন সাইকা আহমেদ, মিষ্টি জাহান, শিবলী নওমান, সাজ্জাদ স্বপন, হাসি মন প্রমুখ।
এ নাটক সম্পর্কে ফজলুর রহমান বাবু বলেন, ‘সাগরের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। কেননা তার গল্প বাছাই খুব সুন্দর হয়। আর সেক্ষেত্রে পাপ্পু রাজ খুব চমৎকারভাবে চিত্রনাট্য লিখেছে। এছাড়াও গুছানো একটি ইউনিটে কাজ করে সাগরের সঙ্গে। খুব ভাল লেগেছে আমার কাজটি করে। নিঃসন্দেহে ভাল একটি কাজ হয়েছে।’
কাহিনিচিত্রটি প্রযোজনা করেছেন ১৯৫২ এন্টারটেইনমেন্টের কর্ণধার সাজু মুনতাসির। ‘অবদান’ আগামীকাল ২৫ সেপ্টেম্বর দুপর ৩টা ৫ মিনিটে দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায় ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com