শিরোনামঃ
নিউজরুম ০৬-০৯-২০২০ ০৮:৩৮ অপরাহ্ন |
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতের সহযোগী আসামি পুলিশের অপর চার সদস্যকে দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে নেয়া হয়েছে। রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে গেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন- বরখাস্ত হওয়া পুলিশের এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খাইরুল ইসলাম বলেন, চার পুলিশ সদস্যকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় ২৪ আগস্ট রিমান্ডের আবেদন করা হয়। আদালত চারদিন রিমান্ড মঞ্জুর করেছেন। সেই আলোকে তাদেরকে রিমান্ডে নেয়া হয়েছে। একইদিন মামলার প্রধান তিন আসামি ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতেরও চারদিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। তাদের আগে জিজ্ঞাসাবাদ করায় এই চারজনকে তখন রিমান্ডে নেয়া হয়নি। রোববার এই চারজনকে রিমান্ডে নেয়া হয়েছে। কারাগার থেকে বের করে তাদের হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এ মামলায় পুলিশের অপর তিন সদস্যের মধ্যে ওসি প্রদীপকে চার দফায় ১৫ দিন এবং লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে তিন দফায় ১৪ দিন করে রিমান্ডে নেয়া হয়। লিয়াকত ও নন্দদুলাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও প্রদীপ রাজি হননি। তারা সবাই এখন কারাগারে রয়েছেন। এপিবিএনের তিন সদস্যসহ এ পর্যন্ত আটজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অপরদিকে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি ৭ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান।
গত ৩১ জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। ৫ আগস্ট ওসি প্রদীপ ও দায়িত্বরত পরিদর্শক লিয়াকত আলীসহ নয়জনকে আসামি করে সিনহার বোন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন। এই মামলায় নয় পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। মামলাটি তদন্ত করছে কক্সবাজার র্যাব-১৫।
২ আগস্ট এ কমিটি গঠন করা হয় এবং কার্যক্রম শুরু করে ৩ আগস্ট। সাত কর্মদিবস অর্থাৎ ১০ আগস্ট কমিটিকে প্রতিবেদন জমাদানের সময় বেঁধে দেয় মন্ত্রণালয়। এরপর প্রথমবার কমিটির সময় বাড়ানো হয় ২৩ আগস্ট পর্যন্ত। পরে কমিটির আবেদনের প্রেক্ষিতে আবারও সময় বাড়িয়ে দেয়া হয় ৩১ আগস্ট পর্যন্ত।
এ সময়ের মধ্যে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশের বক্তব্য গ্রহণ করতে না পারায় কমিটির মেয়াদ সর্বশেষ ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। ২ সেপ্টেম্বর কমিটি কক্সবাজার জেলা কারাগারে প্রদীপ কুমার দাশের বক্তব্য গ্রহণ করে। এরপর ১৩ সুপারিশসহ ৮০ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করে কমিটি। তার সঙ্গে সংযুক্তি দেয়া হয় ৫৮৬ পৃষ্ঠা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com