শিরোনামঃ
নিউজরুম ২৬-০৮-২০২০ ০৭:০৮ অপরাহ্ন |
বার্সেলোনায় আর থাকব না, সাফ জানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। যত দ্রুত সম্ভব চুক্তি বাতিল করে নতুন ক্লাবে যোগ দিতে চান আর্জেন্টাইন সুপারস্টার। কিন্তু চাইলেই কি তিনি এখনই সেটা পারবেন?
হিসেবটা কিন্তু বেশ জটিল। মেসি হয়তো তার ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন। কিন্তু বার্সা চাইলে এখন তাকে আদালত পর্যন্ত টেনে নিতে পারে। সম্পর্কই যখন আর থাকছে না, এত সৌহার্দ্য দেখিয়ে লাভ কী!
মেসির সঙ্গে বার্সার চুক্তিতে একটি ধারা আছে, যেখানে বলা আছে-চাইলে প্রতি মৌসুমের শেষে বিনামূল্যেই ক্লাব ছেড়ে যেতে পারবেন আর্জেন্টাইন তারকা। তাহলে আর ঝামেলা কি? মেসি চাইছেন, এখন ফ্রিতে কোনো ক্লাবে চলে গেলেই হয়।
না, ঝামেলা আছে। চুক্তিতে বলা আছে, সেই ধারাটি কার্যকর করতে হলে মেসিকে সেটি জুনের মধ্যে, অর্থাৎ একটা মৌসুম শেষ হয়ে নতুন মৌসুম শুরু হওয়ার আগেই জানাতে হবে। সেই হিসেবে বার্সাকে মেসির সিদ্ধান্ত জানানোর শেষ সময় ছিল জুনের আগে। এখন আগস্ট মাস।
এখানেও একটা প্যাঁচ লেগেছে। করোনার কারণে এবার জুনের মধ্যে লা লিগা মৌসুম শেষ হয়নি। তিন মাস ফুটবল বন্ধ থাকায় মৌসুম শেষ হয়েছে আগস্টে। সেই হিসেবে মেসি আগস্টেই চলে যাওয়ার কথা জানিয়েছেন, ঠিক আছে।
কিন্তু বার্সা কি এত সহজে তাদের সেরা খেলোয়াড়কে ছেড়ে দেবে? কাতালান ক্লাবটির পাল্টা যুক্তি, মেসির সিদ্ধান্ত জানানোর শেষ সময় ছিল জুন মাসে, সেটি পার হয়ে গেছে। তাই চুক্তির এ ধারা কাজে আসবে না।
এই ঝামেলাটা কিভাবে সুরাহা হবে? যদি দুই পক্ষের মধ্যে সমঝোতা না হয়, তবে এটা গড়াতে পারে আদালত পর্যন্ত। সেটা হলে এতদিনের প্রাণের ক্লাবের সঙ্গে তিক্ততার শেষ সীমায় গিয়েই তবে দলবদল করতে হবে মেসিকে।
এতো গেল চুক্তির হিসেব। এবার আসা যাক রিলিজ ক্লজের ব্যাপারে। যদি বার্সেলোনা চুক্তিতে মেসিকে আটকে দিতে পারে, তবে রিলিজ ক্লজ ছাড়া কোনো ক্লাব তাকে নিতে পারবে না। সেক্ষেত্রে আগ্রহী ক্লাবের খরচ কত হবে, জানেন? ৭০০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৭ হাজার কোটি টাকার ওপরে।
এত বিপুল পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে এখন পর্যন্ত বিশ্বের কোনো ফুটবলারের দলবদল হয়নি। দলবদলের রেকর্ডটি এখনও নেইমারের দখলে। ২০১৭ সালে বার্সা থেকেই ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে গিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। মেসিকে কিনতে হলে খরচ করতে হবে তার প্রায় তিনগুণ।
এরপর আছে বেতন। বার্সা থেকে বছরে ৭০ মিলিয়ন ইউরো বেতন হিসেবে পান মেসি। বাংলাদেশি মুদ্রায় যা ৭০৫ কোটি ৫০ লাখ টাকার মতো। এই ব্যয়ভার বহন করার ক্ষমতা কি কোনো ক্লাবের আছে?
হ্যাঁ, পথ একটা খোলা আছে। মেসির আইনজীবী যদি চুক্তির রিলিজ ক্লজের হিসেবটায় জিতে যান। তবে ফ্রিতে যে কোনো ক্লাবে চলে যেতে পারবেন আর্জেন্টাইন খুদেরাজ। আর বেতনটা তো তার নিজের ইচ্ছের ওপরই নির্ভর করছে। প্রয়োজনে কমিয়ে দিলেন! টাকার চেয়ে তো ‘মনের শান্তি’ অনেক বড়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com