ভয়াবহ ব্যাটিং ধস ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের
২৯ এপ্রিল, ২০২৬ ০৪:১৮ পূর্বাহ্ন

  

ভয়াবহ ব্যাটিং ধস ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের

নিউজরুম
০৮-০৮-২০২০ ০৭:০০ অপরাহ্ন
ভয়াবহ ব্যাটিং ধস ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের

রানের খাতা খোলার আগেই বিদায় প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শান মাসুদের, হাফসেঞ্চুরি করা বাবর আজম আউট মাত্র ৫ রান করে। একইভাবে প্রথম ইনিংসের তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক শাদাব খান এবার ১৫ রানের বেশি করতে পারলেন না। আর সঙ্গে ছিলো প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া ব্যাটসম্যানদের ব্যর্থতার ধারাবাহিকতা।

ফলে যা হওয়ার হয়েছে তাই। ফিরে এসেছে পাকিস্তান ক্রিকেট দলের আনপ্রেডিক্টেবল রূপ। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর দ্বিতীয় ইনিংসে চাহিদামাফিক খেলতে পারেনি ব্যাটসম্যানরা। মাত্র ১৩৭ রান তুলতেই পতন ঘটেছে ৮ উইকেটের। লিড দাঁড়িয়েছে ২৪৪ রানের।

তবু বলাই যায় যে জমে উঠেছে ম্যানচেস্টার টেস্ট। কেননা বর্তমান কন্ডিশন ও পাকিস্তানের বোলিং লাইনআপ বিবেচনায় আড়াইশর কাছাকাছি লক্ষ্য তাড়া করাও খুব কঠিন কাজ হবে স্বাগতিক ইংল্যান্ডের জন্য। সফরকারীদের শেষ দুই উইকেট এখন লিডটা কোন পর্যন্ত বাড়িয়ে নিতে পারে সেটিই দেখার।

পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৩২৬ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছে ২১৯ রানে। যার সুবাদে ১০৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে আজহার আলির দল। ব্যাটিংয়ে নামা নয় ব্যাটসম্যানের মধ্যে ছয়জনই ছুঁয়েছেন দুই অঙ্ক। কিন্তু কেউই ত্রিশের ঘর পেরুতে পারেননি।

তৃতীয় দিন শেষ হওয়া পর্যন্ত ৪৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে তারা। সর্বোচ্চ ২৯ রান করেছেন আসাদ শফিক। উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ২৭ রান করেন। বল হাতে ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস এবং বেন স্টোকস। উইকেটশূন্য রয়েছেন জেমস অ্যান্ডারসন ও জোফরা আর্চার।

এর আগে অলি পোপের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ ‍উইকেটে ৯২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ইংলিশরা। সেই পোপ যতক্ষণ পর্যন্ত ছিলেন, স্বাগতিকরা মোটামুটি স্বস্তিতে ছিল। জস বাটলারকে নিয়ে পঞ্চম উইকেটে ৬৫ রান যোগ করেন তিনি। একটা সময় ৪ উইকেটেই ১২৭ রান ছিল ইংল্যান্ডের।

তবে হাফসেঞ্চুরির পর বেশিদূর এগোতে পারেননি পোপ, নাসিম শাহর বলে গালিতে ধরা পড়েন। ৬২ রান করে তিনি ফেরার পর শুরু হয় ইয়াসির শাহর ঘূর্ণি। দারুণ খেলতে থাকা জস বাটলারকে (৩৮) বোল্ড করেন পাকিস্তানি লেগস্পিনার। ডম বেসকে স্লিপে আসাদ শফিকের দুর্দান্ত ক্যাচ বানান ১ রানে। এরপর ক্রিস ওকসও (১৯) বোল্ড।

ইয়াসিরের এমন সাফল্য দেখে আরেক লেগস্পিনার শাদাব খানকেও আক্রমণে নিয়ে আসেন পাকিস্তান দলপতি আজহার আলি। বাকি কাজটা সেরেছেন এই শাদাবই। জোফরা আর্চার (১৬) আর জেমস অ্যান্ডারসকে (৭) তুলে নিয়ে ইংল্যান্ডকে ২১৯ রানে আটকে দেন এই লেগি।

ইয়াসির শাহ ৬৬ রানে নিয়েছেন ৪টি উইকেট। শাদাব মাত্র ৩.৩ ওভার বল করে ১৩ রানে নেন ২ উইকেট। ২ উইকেট পেয়েছেন পেসার মোহাম্মদ আব্বাসও। তার খরচা ৩৩ রান। প্রথম ইনিংসে ১০৭ রানের বড় লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে পাকিস্তান।


নিউজরুম ০৮-০৮-২০২০ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 329 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com