শিরোনামঃ
নিউজরুম ২১-০৭-২০২০ ০১:১৯ অপরাহ্ন |
সরকারি বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার চারজনের প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন-মো. নজরুল ইসলাম (৫০), মো. মাহাবুবুর রহমান (৬০), মো. সেলিম রেজা (৩৮) ও আলমগীর হোসেন (৩৫)।
মঙ্গলবার (২১ জুলাই) কদমতলী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার তাদের চারজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। কদমতলী থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার মামলার মূল রহস্য উদঘাটনের জন্য সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানা পুলিশ। প্রথমে মো. নজরুল ইসলামকে রোববার গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তার অন্যান্য সহযোগীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া চার লাখ ২৫ হাজার টাকার চেক ও প্রতারণার কাজে ব্যবহৃত নকল নিয়োগপত্রসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কদমতলী থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com