শিরোনামঃ
নিউজরুম ১৯-০৬-২০২০ ০৩:৩২ অপরাহ্ন |
রাজশাহী নগরীর একটি মোবাইল ফোন বিক্রেতা প্রতিষ্ঠানের ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া পশ্চিমপাড়া সেনপুকুর এলাকা ওই টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মীদের যোগসাজশ পেয়েছে পুলিশ।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় শুরু থেকেই বিষয়টি সাজানো মনে হয়েছিল। তারপরও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চালায় পুলিশ। সাত ঘণ্টার মাথায় উদ্ধার করা হয় ৩২ লাখ টাকা। এখনও এক লাখ টাকার হদিস মেলেনি। সেটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
তিনি জানান, মোবাইল ফোন কোম্পানি ‘ভিভো’র দুজন বিক্রয়কর্মী বৃহস্পতিবার দুপুরে দুটি ব্যাগে ৩৭ লাখ ৩৭ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন। শো-রুম থেকে নামার পর ৩৩ লাখ টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার অভিযোগ ছিল। কিন্তু সরেজমিন তদন্ত এবং ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়- এটা বিক্রয়কর্মীদেরই সাজানো। পরে ওই দুজন বিক্রয়কর্মীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা ঘটনায় নিজেদের জতিড় থাকার কথা স্বীকার করেননি।
পরে ‘হ্যালো রাজশাহী-২’ এর অন্য কোম্পানির শো-রুমের আরেকজন বিক্রয়কর্মীকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনিই পুলিশকে এই ঘটনার বিস্তারিত বলেন।
ওই বিক্রয়কর্মীর দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর বালিয়া পশ্চিমপাড়ার সেনপুকুর এলাকায় তার বন্ধুর বাড়ি থেকে ৩২ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই বিক্রয়কর্মীর বন্ধু।
নিবারন চন্দ্র বর্মন আরও বলেন, উদ্ধার করা টাকা ও আটকদের থানায় এনে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ভিভো শো-রুমের প্রোপাইটর রঞ্জন রায় জানান, তারা কয়েকজন ব্যবসায়ী মিলে শো-রুমটি চালান। নতুন কিছু ফোন নেয়ার জন্য টাকাগুলো ভিভোর ব্যাংক হিসাবে জমা দেয়ার কথা ছিল। তাদের দুই কর্মী দুপুরে দুটি ব্যাগে করে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে ৩৩ লাখ টাকার একটি ব্যাগ ছিনতাই হয়। শহরের সাহেব বাজারের দিক থেকে মোটরসাইকেল যোগে দুই যুবক এসে ব্যাগ নিয়ে নিউ মার্কেট হয়ে রেলগেটের দিকে চলে যায় বলেও জানান তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com