শিরোনামঃ
নিউজরুম ১৮-০৬-২০২০ ০৭:৪৩ পূর্বাহ্ন |
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে পিকআপ বোঝাই আমের ক্যারেটের ভেতর অভিনব পন্থায় লুকায়িত এক হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তারা হলেন- মো. শরিফুল ইসলাম (২৪) ও মো. নুরনবী উরফে রিপন (২৩)।
বুধবার (১৭ জুন) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। এদিন তাদের দুইজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মাদক আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টায় র্যাব-২ এর একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে মামলা করা হয়।
অভিযানের বিষয়ে র্যাব-২ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন (পরাগ) বলেন, মৌসুমি ফল পরিবহনে আড়ালে চলছে মাদক ব্যবসা। আমের পিকআপে ফেনসিডিল আসছে এমন সংবাদ আসে আমাদের কাছে। এরই ধারাবাহিকতায় ভোরে মোহাম্মদপুরের বছিলায় অবস্থান নেয়া হয়।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমের পিকআপকে সিগন্যাল দেই। তারা গাড়ি রেখে পালানো চেষ্টা করছিল। এ সময় দুইজনকে আটক করতে সক্ষম হই। তাদের জিজ্ঞাসাবাদে আমের খাঁচিতে লুকায়িত এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার এবং পিকআপ জব্দ করি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com