শিরোনামঃ
নিউজরুম ০৪-০১-২০২১ ১০:০৪ অপরাহ্ন |
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রারে নাম নেই। তারপরেও নিজেকে কাজির সহকারি দাবি করেন হুমায়ন কবির (৩৭)। সেই সুবাদে বিয়ে রেজিস্ট্রি করেন তিনি। বাঘার স্থানীয় একটি পার্কে অপ্রাপ্ত বয়সের ছেলে-মেয়ের বিয়ে দেওয়ার ঘটনায় পুলিশের হাতে আটকের পর জালিয়াতি করে বিয়ে রেজিস্ট্রির ঘটনাটি ধরা পড়ে তার।
রোববার বাঘা পৌরসভার উৎসব পার্ক থেকে হুমায়ন কবির নামের ওই ভুয়া কাজিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে নেয়ার পর ছয় মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন ।
দণ্ডপ্রাপ্ত হুমায়ন কবির উপজেলার ছাতারী গ্রামের কায়েম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, উৎসব পার্কে অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ের বিয়ে রেজিস্ট্রি করেন কাজির সহকারি পরিচয়দানকারি হুমায়ন কবির। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতের কার্যালয়ে নেওয়ার পর অপরাধ স্বীকার করেন তিনি।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন জানান, তার কাছে দাখিলকৃত কাগজপত্রে নিকাহ রেজিস্ট্রারের সহকারি কাজি হিসেবে সঠিক প্রমাণ মেলেনি। এছাড়াও বাল্যবিয়ে রেজিস্ট্রি করেছেন।
রাজশাহী মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সংগঠনের সভাপতি কাজি মোহাম্মদ নুরুল আলম বলেন, উপজেলা পর্যায়ে যারা কাজির দায়িত্ব পালন করেন তাদের মধ্যে ইউনিয়ন এবং পৌরসভার অধীনে একজন প্রধান কাজি হিসেবে নিয়োগ পান। তাদের মাধ্যমে একের অধিক সহকারী কাজি হিসেবে কাজ করে থাকেন। সেই ক্ষেত্রে হুমায়ন কবির নিজেকে সহকারী কাজি দাবি করলেও নিয়োগপ্রাপ্ত কাজির রেজিস্ট্রারে তার কোন সংশ্লিষ্টতা নেই।
অফিসার ইনচার্জ নজরুল ইসলাম (ওসি) কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com