শিরোনামঃ
নিউজরুম ০৩-০১-২০২১ ০৪:২৭ অপরাহ্ন |
রাজশাহীতে থার্টিফাস্ট নাইটে মদপান করে ৫ যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে, মদপানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ৭ যুবক। মৃত ও অসুস্থদের অধিকাংশই নগরীর দরিখরবোনা, হেতেমখাঁন, কাজিহাটা ও তেরোখাদিয়া এলাকার বাসিন্দা।
সূত্র মতে, নববর্ষ উদযাপন করতে গিয়ে তারা এলকোহল মিশ্রিত মদপান (টুইনিং) করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের রামেক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার দিনের বিভিন্ন সময় রামেক হাসপাতালে মারা যান ৫ জন। মৃতদের মধ্যে এক জনের লাশ গোপনে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এদিকে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। পরিবার ও স্বজনরা ভয়ে বা চক্ষুলজ্জায় পুলিশকে তথ্য দিচ্ছে না। এতে করে প্রকৃত ঘটনা উদঘাটনে সময় লাগছে।
মদপানে মারা যাওয়া ওই ৫ যুবক হলেন, নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফয়সাল (২৮), নগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫), কাদিরগঞ্জ এলাকার সেলিম আহম্মেদের ছেলে মুন আহাম্মেদ (২৮), হেতেমখাঁন এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) এবং বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫)। এদের মধ্যে ফয়সাল মারা গেছেন শুক্রবার দিবাগত রাত ২টার দিকে। তিনি জেলা ছাত্র দলের যুগ্ন সম্পাদক। অন্যরা শনিবার সকালের দিকে মারা যান।
চিকিৎসাধীন আছেন আরো প্রায় ৭ জন। এদর মধ্যে হেতেমখাঁন এলাকার হাবিবের ছেলে কলপ (২২) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অসুস্থদের অবস্থাও সঙ্কটাপন্ন। তারা হাসপাতালের ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদের রামেক হাসপাতালে নেয়া হয়। শনিবার ভোর থেকে রাত্রি পর্যন্ত সজল, তুহিন, মুন ও সাগর মারা গেছেন। তাদের লাশ মর্গে নেয়া হয়েছে। একটি সূত্র জানিয়েছে, এর মধ্যে গভীর রাতেই মারা যান ফয়সাল। গোপনে তার লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন স্বজনরা।
ওসি আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ যানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদপানে বিষক্রিয়ায় তারা মারা গেছেন। এই ঘটনায় আরও কয়েকজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। নগরীর বিভিন্ন এলাকায় তারা মদপান করে অসুস্থ হয়েছে। কোথাথেকে এই মদ সংগ্রহ করেছিলো তা তদন্ত করে দেখা হচ্ছে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com