স্মার্টফোন ছেড়ে পড়ার টেবিলে বসো-নকলের সুযোগ নেই”- সেলিম রেজা এমপি
আব্দুল জলিল
১৯-০৪-২০২৬ ০৬:৩৩ অপরাহ্ন
|
|
স্মার্টফোন ছেড়ে পড়ার টেবিলে বসো-নকলের সুযোগ নেই”- সেলিম রেজা এমপি
স্টাফ রিপোর্টার: “স্মার্টফোন ছেড়ে তোমরা পড়ালেখার টেবিলে ফিরে এসো। এখনও অনেক সময় আছে । মনে রেখো পরীক্ষায় আর নকলের কোনপ্রকার সুযোগ পাবে না।” রোববার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ফিতা কেটে ছাত্রাবাস ও একাডেমিক ভবন উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ এই কলেজটির উন্নয়নে সব ধরনের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন,“ কলেজের মসজিদ নির্মাণ করা হবে। বিদ্যমান মাঠকে খেলার উপযোগী করে তোলা হবে। ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্যে গাড়ির বিষয়টিও বিবেচনায় নেয়া হবে।” এসময় শিক্ষার্থীদের উদেশ্যে প্রধান অতিথি আরও বলেন, “ তোমাদের ভালো ফলাফলের মাধ্যমে এই কলেজটিকে আমি বিভাগের মধ্যে প্রথম সারিতে দেখতে চাই।”
এর আগে তিনি শিক্ষা প্রকৌশল বিভাগের আওতায় নির্মিত ১৬৪ জন শিক্ষার্থীর আবাসন সুবিধা সম্বলিত ৫ তলা বিশিষ্ট একটি ছাত্রাবাস এবং ৬ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এরপর প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে কলেজের বিএনসিসি দল। পরে তিনি কলেজের পাঠাগার পরিদর্শন শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশ নেন।
ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৬ এর আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং অ্যাডভোকেট রবিউল হাসান।
আব্দুল জলিল ১৯-০৪-২০২৬ ০৬:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 33 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ