শিরোনামঃ
আব্দুল জলিল ০৩-০৪-২০২৬ ০২:৪০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সহায়তায় ৪০ জন দুঃস্থ পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলার মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ভয়েজ অব কাজিপুর” এর সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ।
এ সময় তিনি বলেন, ' যমুনার ভাঙন কবলিত মাইজবাড়ির কয়েকটি দুঃস্থ পরিবারের পানীয় জলের কষ্ট লাঘবে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।'
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা এস এম আশরাফুল ইসলাম বলেন, 'প্রতিটি উপকারভোগী পরিবারকে ৬০ ফিট পাইপ ও ফিল্টার সহ নলকূপ বসানোর জন্য প্রয়োজনীয় উপকরণাদি প্রদান করা হয়েছে। যাতে করে সুবিধাভোগীদের সুপেয় পানির কষ্ট দূর হয়।'
নলকূপ বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভয়েজ অব কাজিপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আশকারুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান, মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রক্তদানে সোনামুখী সংগঠনের পরিচালক রাফিক হাসান।
উপকারভোগী কুনকুনিয়া গ্রামের বয়ঃবৃদ্ধা হাসনা বেগম বলেন, 'আমি মাইনসের বাড়ি থাইক্যা পানি নিয়া আইসা খাই। খুব দুঃখ বাবা। এই কল পায়া খুব ভালো হইলো। সবাই মিলা একসাথে পানি খাইবার পারমু।'
সর্দার পাড়ার সুবিয়া খাতুন বলেন, 'আগে অন্যের বাড়ি থেকে পানি নিয়ে এসে খাইতাম। এখন আর অন্যের বাড়িতে যেতে হবে না।'
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com