শিরোনামঃ
আব্দুল জলিল ১৮-০৭-২০২৩ ০৫:৪৭ অপরাহ্ন |
শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়েছেন শিক্ষকেরা। উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ স্কুল বন্ধ করে সোমবার ও মঙ্গলবার বাস ভাড়া করে রাজধানী ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের সাথে যোগ দিয়েছেন।
কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা ও মেঘাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাকি মুঠোফোনে জানান, শিক্ষাকে পুরোপুরি জাতীয়করণ এখন সময়ের দাবি। বঙ্গবন্ধুর বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে দ্বৈতনীতি দিরে পর দিন চলতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শিক্ষাকে জাতীয় করণের আহবান জানিয়ে তিনি বলেন, কতিপয় সরকারি আমলা ও সুবিধাভোগী কিছু নেতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করছেন না বর্তমান সরকার। এবার ১দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা কাজিপুর থেকে শিক্ষকদের আন্দোলনে যোগ দিতে ঢাকায় এসেছি।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে বিদ্যালয়ের গেটে তালা ঝুলছে। এতে করে অনেক শিক্ষার্থী ও অভিভাবকগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাফিউর রহমান জানান, হঠাৎ করেই স্যারেরা ক্লাস বন্ধ করায় আমাদের পাঠদান বন্ধ হয়ে গেছে। নিদিষ্ট সময়ে সিলেবাস শেষ হওয়া নিয়ে তাই শঙ্কায় আছি। শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভিভাবক ফারুক আহমেদ জানান, স্কুল বন্ধ হওয়ায় ছেলে মেয়েরা বাড়িতেও ঠিক মতো পড়ছে না।
কাজিপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকতা শামিম আরা জানান, আমাকে মৌখিকভাবে জানিয়ে তারা (মাধ্যমিক শিক্ষকেরা) আন্দোলনে গেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com