শিরোনামঃ
আব্দুল জলিল ২৩-০৫-২০২২ ০৬:৪৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার বর্তমান মেয়রের বিরুদ্ধে সাবেক মেয়রের করা অর্থ আত্মসাতের অভিযোগকে অস্বীকার করেছেন সংশ্লিষ্ট প্রকল্পের চার ঠিকাদার। এদের মধ্যে সাবেক মেয়রের আপন ভাই ও চাচাত ভাইও রয়েছেন। সোমবার(২৩ মে) দুপুরে কাজিপুর পৌর ভবন মিলনায়তনে ওই চার ঠিকাদার সাংবাদিকদের ডেকে লিখিত বক্তব্য প্রদান করেন।
লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র হাজী নিজাদ উদ্দিন গত ২০২০ সনের নভেম্বর মাসে পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় মোট চারটি প্যাকেজে টেন্ডার আহবান করেন। ইজিপি টেন্ডারে ব্যয় ধরা হয় তিনকোটি আশি লক্ষ নিরানব্বই হাজার টাকা। মোট ১৯ জন ঠিকাদার টেন্ডারে অংশ নেন। এর মধ্যে মিম জিম কাফি এন্টারপ্রাইজ এর জিয়াউর রহমান, জিন্নাহ এন্টারপ্রাইজ এর জিন্নাহ, নাজনীন নাহার এন্টার প্রাইজ এর নজরুল ইসলাম এবং শাফিন ট্রেডার্স এর জাহাঙ্গীর আলম কাজ পান। ঠিকাদারদের মধ্যে সাবেক মেয়র হাজী নিজামের আপন ভাই জাহাঙ্গীর ও চাচাত ভাই নজরুল ইসলামও রয়েছেন।
জাহাঙ্গীর আলম জানান, আমরা বিধি মোতাবেক কাজ পেয়েছি এবং কাজ শুরু করেছি। কিন্তু এরইমধ্যে সাবেক মেয়র নিজাম উদ্দিন এই প্রকল্পের সাড়ে চারকোটি(আসলে হবে তিনকোটি আশি লক্ষ) টাকা বর্তমান মেয়র আব্দুল হান্নান আত্মসাৎ করেছেন মর্মে সাংবাদিকদের তথ্য দিয়ে নিউজ করান। যা আদৌ সত্যি নয়। আমরা চারজন ঠিকাদার কাজের কোন টাকাই পাইনি। কয়েকদিন পূর্বে মাত্র এক কোটি চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ এসেছে যা এখন আমাদের দেয়াই হয়নি। কাজেই সাবেক মেয়রের বক্তব্য সঠিক নয়।ওই মনগড়া সংবাদের আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আমাদের কাজের বিল দ্রুত পাবার জন্যে বর্তমান মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি।লিখিত বক্তব্য প্রদানকালে অন্য ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com