শিরোনামঃ
আব্দুল জলিল ১৫-০৫-২০২২ ০৪:৫২ অপরাহ্ন |
শনিবার বেলা সাড়ে বারটা। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী উপস্থিত হন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনুসরনগর ইউনিয়নের মাজনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে প্রবেশ করে তিনি তিনজন শিক্ষককে উপস্থিত পান। পুরো স্কুলের মোট ২২৪ জন শিক্ষার্থীর মধ্যে এসময় বিদ্যালয়ে উপস্থিত ছিলো মাত্র জনা পঞ্চাশেক শিক্ষার্থী। ইউএনও চতুর্থ শ্রেণিতে প্রবেশ করেন। এসময় ওই শ্রেণিতে ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো মোটে ৮জন। হাজিরা খাতায় দেখা যায় শ্রেণি শিক্ষক কোন শিক্ষার্থীর নাম উঠাননি। শ্রেণিতে পাঠদানরত শিক্ষকের সামনেই ইউএনও শিক্ষার্থীদের বাংলা পড়তে বললে তারা সঠিকভাবে পারেনি।
যমুনার জেগে ওঠা চরের ওই বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা রিনা আক্তার। বাড়ি পাশের শালদহ গ্রামে। তার আপন ভাই আলমগীর হোসেনও ওই বিদ্যালয়ের শিক্ষক। স্কুল প্রধান শিক্ষিকার অনুপস্থিতির বিষয়ে অন্যান্য শিক্ষকগণ সঠিক কোন উত্তর দিতে পারেননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই প্রধান শিক্ষিকা রিনা আক্তার জানান, আবহাওয়া খারাপ হওয়ায় তিনি বিদ্যালয়ে আসতে পারেননি। কর্তৃপক্ষের নিকট থেকে ছুটি নিয়েছেন কিনা জানতে চাইলে প্রধান শিক্ষিকা ছুটি নেননি বলে জানান। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অভিভাবকই প্রধান শিক্ষিকা ঠিকমতো বিদ্যালয়ে আসেন না বলে জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষিকার বাড়ি পাশের শালগ্রামে হলেও তার স্বামী ঠিকাদারী করেন বগুড়ায়। একারণে তিনি বগুড়াতেই বেশিরভাগ সময় অবস্থান করেন। বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজগুলো করেন তার ভাই ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলমগীর হোসেন।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি সম্পর্কে ওই বিদ্যালর শিক্ষক বাবলু মিয়া ও আলমগীর হোসেন জানান, ধান ও ভুট্টা মাড়াইয়ের কাজ চলছে । তাই ছাত্র-ছাত্রীরা ঠিকমতো স্কুলে আসছে না। শিক্ষক বাবলু মিয়া এসময় আরও জানান, মাত্র বিদ্যালয় শুরু হয়েছে। তাই ছাত্রছাত্রীর নাম এখনো খাতায় উঠানো হয়নি। তবে রোল নম্বর বসানো হয়েছে।
এ বিষয়ে কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার, হাবিবুর রহমান জানান, চরের বিদ্যালয়গুলোতে সমস্যা হচ্ছে। লোকবল স্বল্পতার কারণে সঠিক মনিটরিং করাও সম্ভব ওঠেনা। মাজনাবাড়ি সপ্রাবির স্কুলের কথা আমাকে ইউএনও স্যার জানিয়েছেন। ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, জানতে পেরেছি ওই প্রধান শিক্ষিকা নিয়মিত স্কুল করেন না। তার ভাই সব করে। আমি বিদ্যালয়ে গিয়েও তাকে পাইনি। তিনি ছুটিও নেননি। তাকে শোকজ করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com