শিরোনামঃ
আব্দুল জলিল ২২-১২-২০২১ ০৩:৩১ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে পাথরবাহী ট্রাকের চাকায় চাপা পড়ে আসলাম (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের এক পা বিচ্ছিন্ন হয়েছে। আসলাম উপজেলার চর সিংড়াবাড়ি গ্রামের মৃত সাদেক আলীর পুত্র। বুধবার(২২ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার খুদবান্দী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর চৌরাস্তা এলাকা হয়ে সিথী পরিবহন (ঢাকা মেট্রো- ২০-৫৪৮৭) নামের একটি পাথরবাহী ট্রাক যমুনা নদীর খুদবান্দী পয়েন্টের দিকে যাচ্ছিল। ট্রাকটি খুদবান্দী বাজার এলাকায় পৌঁছে সড়কের মোড় ঘুরতেই আসলামকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ওই শ্রমিকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। পরে সেখানকার চিকিৎসকরাও তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।
এদিকে বিক্ষুব্ধ জনতার ধাওয়ায় ট্রাকটি রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যান। পরে ট্রাক জব্দ করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান,পুলিশ ঘটনাস্থলে পুলিশ ঘুরে এসেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com