শিরোনামঃ
আব্দুল জলিল ০৬-০৭-২০২১ ০৫:২৭ অপরাহ্ন |
মহামারি করোনা এখন আমাদের সামনে অনেক প্রশ্ন নতুন করে তুলে ধরেছে। প্রশ্নগুলি সামাজিক অর্থনৈতিক নিরাপত্তার, মানবিক মূল্যবোধের এবং সহমর্মিতার। মানুষের মুখে মুখে তাই এখন একটাই প্রশ্ন ‘রাত পোহাবার আর কতো দেরী পাঞ্জেরি?’ এরই মধ্যে পাঞ্জেরির দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। হয়তো আগামীদিনেও আরো অনেকে আসবেন কিন্তু প্রশ্ন তো থেকেই যাই এই পাঞ্জেরিরা প্রকৃতপক্ষে কতটা দায়বদ্ধ সমাজের প্রতি, সমাজের মানুষের প্রতি?
করোনা সংক্রমণ রুখতে পৃথিবীব্যাপী এখন যুদ্ধকালীন তৎপরতা চলছে। এই লড়াই ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে। কিন্তু দেশের আর্থসামাজিক অবস্থা এই লড়াইয়ে আমাদের বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। রাজধানী ছেড়ে যাওয়া পরিযায়ী মানুষদের শোচনীয় পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, এই লড়াই আমাদের সমাজের প্রান্তিক স্তরে বসবাসকারীদের পক্ষে কঠিনতর। এই লড়াই আর শুধুমাত্র একটি ভাইরাসের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই, এই লড়াই এখন সমানভাবে ক্ষুধার বিরুদ্ধেও।
কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ আটকাতে সারাদেশকে গৃহবন্দি থাকার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সারাদেশের মানুষকে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখা, বাড়িতে কোয়ারান্টিনে থাকার কথা বারবার বলা হচ্ছে। না মানলে ব্যবস্থা নিতে পুলিশসহ অন্যান্য বাহিনীকে মোতায়েন করা হচ্ছে রাস্তায়। তবুও কিছু মানুষ মৃত্যুভয় মাথায় নিয়ে শুধুমাত্র দুমুঠো ভাত জোগাড় করতে কাজে যেতে বাধ্য হচ্ছেন। সমাজের এই কিছু মানুষের পাশে দাঁড়াতেই ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে দৈনিক কালের কণ্ঠ -এর পাঠক ফোরাম শুভসংঘ কাজিপুরে যাত্রা শুরু করলো।
গত এক যুগ ধরে দেশব্যাপী যেকোনো ধরনের দুর্যোগে, দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের সব অসংগতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এই শুভসংঘ। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির কাজে নজির সৃষ্টি করেছে সংগঠনটি। সমাজের ভালো কাজে অংশগ্রহণ এবং খারাপ কাজের বিরুদ্ধে প্রতিবাদ করাই শুভসংঘের মূল শক্তির জায়গা। শুভসংঘ এখন তাই সমাজ পরিবর্তনের হাতিয়ারে পরিণত হয়েছে।
সামাজিক সংগঠন শুভসংঘে আমার নিজের যুক্ত হওয়াও সেই শুরু থেকেই, বগুড়া জেলা শুভসংঘের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক হিসেবে যাত্রা শুরু, কাজ করছি জাতীয় পর্যায়েও। কিন্তু অপেক্ষায় ছিলাম কবে নিজের উপজেলায় এই মানবিক সংগঠনের কাজ শুরু করতে পারবো। অবশেষে করোনার এই মহামারির সময়েই আমরা যাত্রা শুরু করলাম। আমাদের এই যাত্রাপথে সামিল হয়েছে সমাজের দায়িত্বশীল কিছু মানবিক মানুষ। যারা প্রকৃতপক্ষেই মানুষকে নিয়ে ভাবেন। মানুষের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন। এই প্রসঙ্গে চীনা দার্শনিক কনফুশিয়াস এর একটি মহামূল্যবান উক্তি আছে, ঐব যিড় রিংযবফ ঃড় ংবপঁৎব ঃযব মড়ড়ফ ড়ভ ড়ঃযবৎং, যধং ধষৎবধফু ংবপঁৎবফ যরং ড়হি. অর্থাৎ যে ব্যক্তি অন্যের কল্যাণের ইচ্ছা পোষণ করে সে প্রকৃত পক্ষে নিজের কল্যাণই নিশ্চিত করে। আমরা মূলত এমন মানুষদেরই অপেক্ষায় ছিলাম যাদের নিয়ে অন্যের জন্য কিছু করতে পারবো।
কাজিপুর শুভসংঘ অন্য কোনো প্রতিষ্ঠানের বিপরীতে আসেনি বরং কাজিপুরের দুস্থ এবং অসহায় মানুষের কল্যাণেই কাজ করতেই এসেছে। তবে হ্যাঁ এটা ঠিক যে, ভালো কাজে অন্য যেকোনো প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করবে কাজিপুর শুভসংঘ। কেননা এ বিষয়ে পবিত্র কুরআন মাজিদের সুরা বাকারার ১৪৮ নং আয়াতে আল্লাহ নিজেই এরশাদ করেছেন ‘তোমরা কল্যাণমূলক কাজে প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হও।’ অতএব কাজিপুর শুভসংঘের এই কল্যাণমূলক কাজে আপনি নিজেও অংশগ্রহণ করতে পারেন।
এখন প্রশ্ন করতেই পারেন কাজিপুরে এতো এতো সংগঠনের মধ্যে শুভসংঘতেই কেন যুক্ত হতে হবে? উত্তরে আপাতত শুধু এইটুকু বলতে চাই, কাজিপুর শুভসংঘে যুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজিপুরের মানুষের কল্যাণে কাজ করতে পারেন। মানুষে মানুষে বন্ধুত্বের বিকাশ ঘটানোর সুযোগ করে দিবে এই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম অন্য কোনো সংগঠনের ছায়ায় বেড়ে ওঠা কোনো সংগঠন না। শুভসংঘ সবার মতকে শ্রদ্ধা করে। তাছাড়া সুনির্দিষ্ট কিছু মূল্যবোধের ভিত্তিতে শুভসংঘ দেশব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করে যার খবরাখবর প্রতি মঙ্গলবার দৈনিক কালের কণ্ঠের পৃষ্ঠাজুড়ে দেওয়া থাকে।
গত ৫ জুলাই ২০২১ তারিখে ৩৪ সদস্য বিশিষ্ট কাজিপুর শুভসংঘের কমিটি ৩৪টি বৃক্ষরোপণ করার মধ্যে দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। কমিটিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক আব্দুর রাজ্জাককে প্রধান উপদেষ্টা, সেলসাম ট্রেডিং লি. এর কান্ট্রি ম্যানেজার ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, রাজউক কর্মকর্তা আবু শাহিন মঞ্জু ও কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছে। ঘোষিত কমিটিতে ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহেলকে সভাপতি ও ডা. আশকারুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আবু বাশির সবুজ ও শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ লিটন, সাংগঠনিক সম্পাদক আশা সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম, কোষাধ্যক্ষ নুরুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশা খাতুন, সমাজকল্যাণ সম্পাদক রবিউল শিকদার মনি, ক্রীড়া সম্পাদক আব্দুল লতিফ তালুকদার, নারী বিষয়ক সম্পাদক নিশি খাতুন।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন সাংবাদিক শফিকুল ইসলাম, ইব্রাহিম শিকদার, মেহেদী হাসান সাগর, রাসেল রানা, সাব্বির আহমেদ, সাথী আক্তার, তোতা মিয়া, জেরিন ইসলাম, শাহাদত হোসেন, রায়হান বাবু, রিমন হাসান, ইসমাইল হোসেন, ইতি খাতুন ও নুসরাত জাহান মৌ।
কালের কণ্ঠের কাজিপুর উপজেলা প্রতিনিধি আব্দুল জলিলের সভাপতিত্বে আয়োজিত সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। ইতিমধ্যে কমিটি অনুমোদন দিয়ে সংবাদ প্রকাশ করেছে দৈনিক কালের কন্ঠ। দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ কাজিপুর শুভসংঘকে অভিনন্দন জানিয়েছেন।
শেষ করবো বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের একটি কথা দিয়ে, স্যার প্রায়ই বলতেন ‘কোন ভাবেই এক সেকেন্ডের জন্যও সময়কে নষ্ট করা পাপ।’ তাই নিজের জীবনকে অর্থবহ করতেই সামাজিক সাংস্কৃতিক সংগঠনে যুক্ত হওয়া উচিত। কেননা জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করার পরিস্থিতি তৈরি করে দেয় এই সংগঠনগুলো।
লেখক: কথাসাহিত্যিক ও সংগঠক
যোগাযোগ: ০১৭১৭ ৪৯৬৮০৩
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com