শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-০৬-২০২১ ০৫:১১ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে এক ইলেকট্রনিক্স মেকারকে হত্যা করে স্কুলের বাথরুমে ফেলে রেখে গিয়েছে দুর্বৃত্তরা।
নিহত ইলেকট্রনিক্স মেকার আব্দুল মতিন (৩৮) উপজেলার তালম ইউনিয়নের তালম পদ্মপাড়া গ্রামের ফজলার রহমানের ছেলে।
বুধবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মেকার আব্দুল মতিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় তালম ইউনিয়নের গুল্টা বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বাথরুমে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন উপজেলার গুল্টা বাজারে একটি ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের দোকান দিয়ে দীর্ঘদিন যাবত টিভি, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের কাজ করে আসছিলেন।
মঙ্গলবার সারাদিন দোকানে কাজ করলেও রাতে তিনি বাড়ি ফিরে যাননি। পরে বুধবার সকালে গুল্টা বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ভবনের বাইরের বাথরুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানিয়েছেন, ঘটনাটি হত্যাকাণ্ড কিনা তা এখনি পুরোপুরি বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে তার রক্তাক্ত মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com