শিরোনামঃ
আব্দুল জলিল ১৯-০২-২০২১ ০৮:৫৭ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ নিজের প্রেমিককে এনে চেতনানাশক ইঞ্জেকশন পুশ করে হত্যার অভিযোগে লাভলী খাতুন নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ সিআইডির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ সিআইডি পুলিশের ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদে বঙ্গবন্ধু ইকোপার্কে গত ২৭ জানুয়ারি সকালে একটি মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আলামত সংগ্রহ করে। এরপর অজ্ঞাতপরিচয় হিসেবে সিরাজগঞ্জ সদর থানায় জিডি করে মরদেহের ময়নাতদন্ত করা হয়।
এক পর্যায়ে মরদেহের পরিচয় পাওয়া যায়। ওই ব্যক্তির নাম রুবেল রানা (২৮)। বাড়ি টাঙ্গাইলের কালিহাতী থানার শ্যামশৈল গ্রামে। তিনি বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে শ্রমিক সুপারভাইজর হিসেবে কাজ করতেন। পরিচয় প্রকাশের পর রুবেলের বাবা আবদুল লতিফ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে নেমে সিআইডি পুলিশ জানতে পারে যে নিহত রুবেলের সঙ্গে লাভলী খাতুন নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এর সূত্র ধরে গত মঙ্গলবার রাতে ঢাকার ধামরাই থেকে লাভলীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নিহত রুবেলের ব্যবহার করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। লাভলীর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর গ্রামে। বাবার নাম লাল মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, রুবেলের দেহে অ্যানেসথেসিয়ার (চেতনানাশক) অতিরিক্ত ডোজ পুশ করার কারণে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোথায় এবং কেন তাঁকে এভাবে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তিনি জানাননি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com