পুলিশ বটগাছ ও একজন রিতু
১৮ এপ্রিল, ২০২৬ ০৩:২৬ অপরাহ্ন

  

পুলিশ বটগাছ ও একজন রিতু

আব্দুল জলিল
১৮-০২-২০২১ ০৯:৪৮ অপরাহ্ন
পুলিশ বটগাছ ও একজন রিতু

আবদুল জলিলঃ সময়টা খুউব সম্ভব ২০১৪ সনের মাঝামাঝি। পরিচালক আবু সাঈদের কয়েক পর্বের ধারাবাহিকের পুলিশ চরিত্রটি করার জন্যে হ্যাংলা পাতলা একটি ছেলে সেটে এসেছে। তখনো তার মুখে দাড়ি মোছই গজায়নি। আমি পরিবারের মেঝো ছেলের ড্রেস নিয়ে সকাল থেকে বসে আছি তো আছিই। ডাক আর পড়ে না। এদিকে দেখলাম পুলিশ সেটের সামনে চলে এসেছে। ক্যামেরা অন হলো। এভাবে কিছুক্ষণ। এরপরেই দুচারটে কথা হলো। কি হলো সেটি অবশ্য মনে নেই। পরে জানলাম পুলিশ ছেলেটি আমাদের পাশের গ্রামের রিতু। রিপন আহসান রিতু।

এর বেশ কিছুদিন পর কোন এক বই মেলা উপলক্ষ্যে ওর বই বেরুলো। মিডিয়ায় ওর কথা বলা দেখলাম। বই পড়লাম। মনের মধ্যে বেশ একটা ভালোলাগা ভালোলাগা শুরু হলো। সেই থেকে ওর লেখাগুলো নিয়মিতই পড়ি। কবিতা, ছোটগল্প, প্রবন্ধ সবই।এরপর কি একটি কারণে একদিন ওর ফোন পাই। কথা হয়। সেই থেকে বেশ কথার চলাচলিও শুরু।বয়সটার হিসেব হচ্ছে আমার কলেজ জীবন আর ওর জন্ম। অথচ লেখাটায় সমসাময়িক। আর এই টানেই ছোট্ট রিতু আমার বন্ধু, হৃদয়ের জন।

 কদিন আগের কথা। ওর বাড়ির ঈদগা মাঠের উপরে শ্যেণ দৃষ্টি পড়া শকুনদের হাত থেকে শতবর্ষী তিনটি বটগাছকে বাঁচাতে ওর কি আকুতি! আমাকে নাড়া দিয়ে যায়। ফেসবুকে ওর শৈশব স্তৃতি বিজড়িত বটগাছের ইতিবৃত্ত পড়ে আমিও কখন যে ওর সাথে কোন এক ঈদের জামাতে ওর দাঁড়িয়ে গেছি, শেষে ওর মতো করেই গাছের ছায়া নিয়ে ভালোবাসায় প্রাণ নিংড়ে দুজন একাকার হয়ে কোলাকুলি করতে করতে বেরিয়ে এসেছি। সেই কল্পনা আমাকে অনেক কিছু ভাবাতে ভাবাতে নিজেই রিতুর একটি বটগাছ হয়ে দেন দরবার ,লেখালেখি করলাম। সেদিনের সেই পুলিশ রিতু আর আজকের বটবৃক্ষপ্রেমী রিতু এখন আমার নিকট কবিতার বটগাছ, কথা সাহিত্যের সবুজ জমিন, প্রবন্ধের বিস্তৃত প্রান্তর, ভালোবাসার একজন।

আবু সাঈদের সেই ধারাবাহিক এক বারের জন্যেও ধারাটা বজায় রেখে অন এয়ার হলো না। বটগাছটিও তার গতর বাঁচাতে পারলো না। কিন্তু এই দুটো বাঁকে যে সম্পর্কের অদল-বদল হলো, তার মূল্য কি দুকলম লিখে শোধ করা যায়! হোয়াটস ইন এ নেম- নামে কি আসে যায়। যদিও নামকরণ দিয়ে কিছু আসে যায় না, তবুও কথা সাহিত্যের শিল্পোৎকর্ষের ক্ষেত্রে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই আবদারে রিপন আহসান রিতু আমার আদরের রিতু। ওর ‘যাদুর নীল বেলুন’এ যাদু আছে, ‘গল্পের মোড়কে মানুষ’এ সৃষ্টিশীল লেখিয়ে মন আছে, ‘অতৎপর প্রহসন’ এ আছে ভাষা, শব্দ আর বিষয়ের নান্দনিকতা। সব মিলে আমার ‘একজন’ হয়ে ওঠা রিতুকে আজ বড্ড বেশি ডাকতে ইচ্ছে করছে। সময় আর ভৌগোলিক ব্যবধান আমার ডাকটি পৌঁছে দেবে কিনা জানিনা। তাই জন্মদিনের এই দিনে অনন্ত শুভেচ্ছার সাগরে কয়েকটি ছোট্ট শব্দমালা রিতুর করে পাঠালাম। ‘ ভালো থেকো বহুজনের মধ্য থেকে আমার কাছে একজন হয়ে ওঠা রিপন আহসান রিতু।’


আব্দুল জলিল ১৮-০২-২০২১ ০৯:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 619 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com