শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০২-২০২১ ০৬:০৬ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো: মেজবাউল করিমের অফিসিয়াল মোবাইল ফোন নাম্বার ক্লোন করে বিভিন্ন মাদ্রাসা, হাইস্কুল, কলেজ শিক্ষকদের কাছে ল্যাপটপ দেয়ার নামে ১০ হাজার টাকা দাবী করার অভিযোগ পাওয়া গিয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে একটি প্রতারক চক্র তাড়াশ ইউএনও মোঃ মেজবাউল করিমের অফিসিয়াল ০১৭৩৩-৩৩৫০৩৪ মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন মাদ্রাসা, হাইস্কুল, কলেজ শিক্ষকদের কাছে ফোন করে ল্যাপটপ দেয়ার নামে ১০ হাজার টাকা দাবী করে।
তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো: মেজবাউল করিম (ইউএনও) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, একটি প্রতারক চক্র তাড়াশ ইউএনও মোঃ মেজবাউল করিমের অফিসিয়াল ০১৭৩৩-৩৩৫০৩৪ মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন মাদ্রাসা, হাইস্কুল, কলেজ শিক্ষকদের কাছে ফোন করে ল্যাপটপ দেয়ার নামে ১০ হাজার টাকা দাবী করে তা ০১৬৩১-৮৩৩৮৯০ নাম্বারে বিকাশ দেওয়ার কথা বলা হয়। এ ছাড়া ইটভাটা ও জনপ্রতিনিধিদের কাছে কাজ দেয়ার নাম করে মোটা অংকের চাঁদা দাবী করা হচ্ছিল।
এ বিষয়ে তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি জানান, বুধবার বিকাল ৪ টার দিকে একটি ল্যাপটপ দেয়ার কথা বলে আমার কাছে ইউএনও’র ক্লোন করা সেই নাম্বার থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবী করা হয়। এ সময় ইউএনও’র কন্ঠ নিয়ে সন্দেহ হলে বিষয়টি ইউএনও স্যারকে কে জানাই। এরপরই বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও ব্যাক্তি তাড়াশ ইউএনওকে তার অফিসিয়াল মোবাইল নাম্বার থেকে টাকা দাবীর বিষয়টি জানান।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, ইউএনও সাহেবের মোবাইল ফোনটি ক্লোন করার বিষয়টি তিনি আমাকে জানিয়েছেন। আমরা মোবাইল ফোন ক্লোন করা ওই প্রতারক চক্রকে শনাক্ত করতে কাজ করছি।
তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো: মেজবাউল করিম বলেন, এ ঘটনায় ভুক্ত ভোগীদের তাড়াশ থানায় সাধারণ ডায়েরী করার পরামর্শ দেয়া হয়েছে এবং সর্তক হওয়ার জন্য অফিসিয়াল ফেসবুকে এ সংক্রান্ত নোটিশ দেয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com