শিরোনামঃ
দিলীপ গৌর ০৮-০১-২০২১ ০৩:৫০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সূর্যের আলো উদিত হওয়ার সাথে সাথেই অনিয়ন্ত্রিত পিকআপ গাড়ির চাপায় নিভে গেল একই পরিবারের ২ জন নারীর জীবন প্রদীপ। এই ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরো ৩ জন। জানা যায়, ৮ জানুয়ারি শুক্রবার সকাল ৬ টায় বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের পারকোলা বাজারের দক্ষিণে একটি যাত্রীবাহী অটোভ্যানকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ( ঢাকা মেট্রো-ঠ ১১-৯০৬২) ধাক্কা দিলে ঘনাস্থলেই ২ জন নিহত হয়।
এই ঘটনায় শিশু সহ আরো ৩জন আহত হয়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন, শাহজাদপুর পৌর শহরের পারকোলা গুচ্ছ গ্রামের মৃত আনিস শেখের স্ত্রী সালেকা বেগম (৬০) ও তারই দেবর মৃত চাদু শেখের স্ত্রী কাজলী বেগম (৬০)। আহতরা-সালেকা বেগমের ছেলে আনছার আলী (৩৮) ও তার স্ত্রী মুক্তা খাতুন (৩০) এবং তাদের ৭ বছর বয়সী শিশু কন্যা।
দুর্ঘটনার পরই শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রত্যাক্ষদর্শীরা জানায়, সকাল ৬ টায় একটি অটো ভ্যানে করে একই পরিবারের শিশুসহ ৫জন পারকোলা থেকে বিসিক বাসস্ট্যান্ডে যাচ্ছিলো।
একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাদের অটো ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশের অবৈধ সীমানা পিলারে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ২ জন নারী নিহত হয় ও ৩ জন আহত হয় । আহত ৩ জনকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাসিবুল জানান, দুর্ঘটনা কবলিত পিক-আপটি বগুড়া থেকে পাবনা যাচ্ছিলো। দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হই। পিক-আপ চালক ও হেলপার দুজনই দুর্ঘটনার পর পালিয়ে যায়। নিহতদের পরিবারে আবেদনের ভিত্তিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিক-আপ ভ্যানটি জব্দ করে হাটিকুমরুল হাইওয়ে থানায় যাওয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com