শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-০১-২০২১ ০৫:৩৬ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর নিবার্চনে মেয়র পদে সকল দ্বন্দ্ব নিরসন করে এক প্রার্থীতায় আওয়ামী লীগের নৌকার পালে হাওয়া লেগেছে। শেষ মুহুর্তে নিজেদের দ্বন্দ্ব নিরসন করে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নেতারা বিজয়ে মরিয়া হয়ে ভোটের মাঠে নেমেছে। অন্যদিকে বিএনপি’তে বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের মাঠে সুবিধা করতে পারছে না তারা।
এতে চরম বেকায়দায় পড়েছে দলটির নেতারা। উল্লাপাড়া পৌর নিবার্চনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে বর্তমানে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম নজরুল ইসলাম মাঠে কাজ করছে। নজরুল ইসলাম ছাত্র রাজনীতি থেকে উঠে আসা। উল্লাপাড়া পৌর আঃলীগে তার সাংগঠনিক কাঠামো অনেক শক্তিশালী। বিগত দিনে তার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে পৌরসভা পরিচালনা করেছেন।
পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যকে ওয়ার্ড, পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। পৌর নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে পৌর নিবার্চন পরিচালনা কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আঃলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। তিনি আরো জানান, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের দিকনির্দেশনায় আমরা উপজেলা আওয়ামী লীগ সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করছি।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এসএম নজরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক নৌকা। এই নৌকা প্রতিক নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে সবাই নৌকায় ভোট দিবেন বলে তিনি আশাবাদী। এসএম নজরুল ইসলাম আরো জানান, আগামী ১৬ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ। অন্যদিকে বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় পড়েছে উল্লাপাড়া পৌরসভা বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতিকে নির্বাচন করছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন। আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা শরাফত আলীর ছেলে। পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী আজাদ হোসেনের পাশাপাশি বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন পৌর বিএনপির সদস্য ও উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র এম বেলাল হোসেন। সবমিলিয়ে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। বিএনপি সাংগঠনিকভাবে বিদ্রোহী প্রার্থী বেলালকে নিবার্চন থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থী ঠেকাতে জেলা বিএনপির পক্ষ থেকে বেলাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
এরপরও তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। বিএনপি প্রার্থী আজাদ হোসেন জানান, বিগত দিনে বিভিন্ন দলীয় কর্মকান্ড পরিচালনার জন্য রাজনৈতিক মামলার শিকার হয়েছি। আজাদ হোসেন মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিএনপি জয়যুক্ত হবেন বলে তিনি আশাবাদী। তিনি আরো জানান, বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন দলের সাথে বেইমানি করেছে। দলীয় ভোট তিনি পাবে না।
প্রচার-প্রচারণার ক্ষেত্রে কোন বাঁধাবিঘ্ন পাইনি, সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচার চালাচ্ছি। উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাব জানান, দলীয় প্রতীক ধানের শীষ যাকে দেওয়া হয়েছে বিএনপি’র নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবে। তবে বিদ্রোহী প্রার্থী বিএনপির নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারবে না। তিনি আরো জানান দল যাকে মনোনয়ন দিয়েছে সবাই তাকেই ভোট দিবে এবং সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com