শিরোনামঃ
নিউজরুম ৩০-১২-২০২০ ০৭:০৭ অপরাহ্ন |
শিক্ষার বিস্তারে বাংলাদেশ সরকার প্রাথমিক ও মাধ্যমিকের সকল স্তরের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে আসছেন। তবে এবার নতুন বছরের প্রথম দিনে রাজশাহীতে মাধ্যমিকের সকল স্তরের (মাধ্যমিক, দাখিল, এবতেদায়ি, এসএসসি ভকেশনাল ও ইংরেজি ভার্সন) সকল শিক্ষার্থীদের হাতে একত্রে নতুন বই তুলে দেয়া সম্ভব হচ্ছে না। জেলা শিক্ষা অফিস জানিয়েছে, স্থানীয় স্কুল কর্তৃপক্ষসহ তারা প্রস্তুত আছেন। কেন্দ্র থেকে বই এসে পৌছালেই তারা স্কুলগুলোর মাধ্যমে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারবেন। এদিকে প্রাথমিকের সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বরাদ্দের প্রায় সব বই এরই মধ্যে রাজশাহীতে এসে পৌছেছে।
সূত্র মতে, করোনা পরিস্থিতির কারণে এবার স্কুল গুলোতে বই উৎসব করা সম্ভব হচ্ছে না। এদেকে করোনা মহামারির কারণে একই প্রেস থেকে প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন স্তরের বই ছাপাতে দেয়া হয়। এর মধ্যে প্রাথমিকের সকল বই ছাপানো হয়ে গেছে এবং কেন্দ্র থেকে তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা অফিসগুলোতে পাঠানো হয়েছে। তবে একই প্রেসে মাধ্যমিকের সকল স্তরের বই দেরিতে ছাপানোয় সময় মতো জেলা ও উপজেলা শিক্ষা অফিসগুলোতে পাঠানো সম্ভব হয়নি। তবে সরকারি ভাবে জানানো হয়েছে বছর শুরুর ১২ দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।
রাজশাহী জেলা শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে, ২০২১ সালে মাধ্যমিকের সকল স্তরের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হয়েছে ৪৪ লাখ ১৯ হাজার ২৯৮ বই। যার মধ্যে জেলা শিক্ষা অফিসে এসে পৌছেছে মাত্র ১১ লাখ ২১ হাজার ২৮৬ বই। শতাংশের হিসেবে ২৫.৩৭। এখনো ৭৪.৬৩ শতাংশ বই রাজশাহী জেলা শিক্ষা অফিসে পৌছায়নি। কবে নাগাদ বই এসে পৌছাবে সেবিষয়েও সংশ্লিষ্ট অফিস সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। গত বছর মাধ্যমিকের বিভিন্ন স্তরের ৩ লাখ ২৯ হাজার ৭৬৯ জন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় প্রায় ৪৫ লাখ নতুন বই।
এদিকে রাজশাহী জেলায় ১ হাজার ৫৭টি প্রাথমিক স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হয়েছে মোট ১৩ লাখ ৮৯ হাজার ৫৭৬ বই। যার মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে পৌছেছে ১৩ লাখ ৪ হাজার বই। শতাংশের হিসেবে যা ৯৩.৭৮। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে, বাকি ৭.২ শতাংশ বই কেন্দ্র থেকে ট্রাক যোগে পাঠানো হয়েছে। গত বছর প্রথমিকের ২ লাখ ৮১ হাজার ৮১৬ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়।
রাজশাহী জেলা প্রথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম জানান, এবার করোনার কারণে বই উৎসবের কোনো প্রস্তুতি নেয়া হয়নি। স্কুলগুলোও বন্ধ আছে। প্রাথমিকের জন্য কেন্দ্র থেকে বরাদ্দের অধিকাংশ বই রাজশাহীতে চলে এসেছে। যে ৭ শতাংশ বাকি আছে তাও ট্রাকযোগে পাঠিয়ে দেয়া হয়েছে, ৩০ তারিখের মধ্যেই হাতে এসে পৌছাবে। স্কুলগুলোর কর্তৃপক্ষকে বই দেয়া হচ্ছে। তারা ঠিক সময় মতো বই শিক্ষার্থীদের হাতে পৌছে দিবেন।
তবে জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন বলেন, মাধ্যমিকের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বই পর্যায়ক্রমে আসছে। আগামীকাল শিক্ষামন্ত্রী ও মহাপরিচালক এবিষয়ে একটি ব্রিফিং দিবেন। এর পরই স্থানীয় ভাবে করণী ঠিক করতে পারা যাবে।
তিনি আরো জানান, রাজশাহী জেলায় মাধ্যমিকের (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী) জন্য বরাদ্দকৃত ৩৪ লাখ ৩১ হাজার ১৯১ বইয়ের মধ্যে ঘাটতি আছে ২৭ লাখ ১০ হাজার বই। দাখিলের জন্য ৬ লাখ ১৪ হাজার ১২৬ বইয়ের মধ্যে ঘাটতি ৪ লাখ ৯৪ হাজার ৪২৬ বই। এবতেদায়ির জন্য ৩ লাখ ৫ হাজার ১৭৬ বইয়ের মধ্যে ঘাটতি ৮৮ হাজার ২৮৬ বই। ভকেশনালের জন্য বরাদ্দকৃত ৫২ হাজার ৫৯০ বইয়ের মধ্যে একটি বইও এসে পৌছায়নি। ইংরেজি ভার্শন ১৬ হাজার ২১৫ বইয়ের মধ্যে ঘাটতি প্রায় ১২ হাজার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com