শিরোনামঃ
নিউজরুম ২২-১২-২০২০ ০৮:৩৯ অপরাহ্ন |
দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ট্রাকের নিচে চাপা পড়ে সুশান্ত কুমার দাস (৩২) নামে গেট কিপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী রেলঘুন্টি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে রাত ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় ট্রাকচালক সাইদুল ইসলাম (৩৪)কে আটক করেছে পুলিশ।
ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার ইসরাফিল সরকার জানান, সোমবার রাত ১টা ৪ মিনিটে বিরামপুর থেকে ২৩ আপ একটি মালবাহী ট্রেন ফুলবাড়ী স্টেশনের ১নং লাইনে প্রবেশ করে। এর ১ মিনিট পরে পার্বতীপুর থেকে আসা এমজিবিসি নামক মালবাহী ট্রেনটি স্টেশনের অনুমতি না নিয়ে স্টেশনের ১নং লাইনে প্রবেশের চেষ্টা করে। এ সময় স্টেশন থেকে ৫০০ গজ উত্তর দিকে ফুলবাড়ী রেলঘুন্টি নামকস্থানে ঠাকুরগাঁও থেকে বগুড়াগামী চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) ট্রেনটিকে ধাক্কা দেয় এবং রাস্তার সাইডে পড়ে যায়। সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের সময় ট্রাকের নিচে গেট কিপার সুশান্ত কুমার দাসের মরদেহ পাওয়া যায়।
তিনি জানান, যেহেতু এমজিবিসি ট্রেনটি স্টেশনে প্রবেশের অনুমতি ছিল না তাই গেট কিপার রেলগেইট সিগন্যালটি নামায়নি। সেই সময় ওই রেলগেইট দিয়ে কোনও ট্রেন যাওয়ার কথা ছিল না। ট্রেন চালকের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।
পার্বতীপুর রেলওয়ে মাস্টার জিয়াউল আহসান বলেন, দুর্ঘটনা ঘটলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com