শিরোনামঃ
নিউজরুম ০৬-১২-২০২০ ০৪:২৩ অপরাহ্ন |
নওগাঁ প্রতিনিধি: সংস্কারের অভাবে নওগাঁ-বদলগাছী ১৮ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। পিচ উঠে সড়কটির অসংখ্য স্থানে ভাঙাচোরা, খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। বালু, ইট ও পণ্যবাহী ভারী ট্রাক চলাচল করায় সড়কটির অধিকাংশ স্থান দেবে গেছে। আবার কোথাও তৈরি হয়েছে খানাখন্দ। বিধ্বস্ত রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতিদিন গর্তের পরিমান বেড়ে সড়কটির অবস্থা আরও খারাপ হচ্ছে। খানাখন্দে ভরা সড়কের প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছে।
নওগাঁ সড়ক ও জনপথ কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে বদলগাছী উপজেলা সদর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ১৮ কিলোমিটার। সর্বশেষ ২০১৫ সালে সড়কটি সংস্কার ও প্রশস্তকরণ কাজ করা হয়। এরপর সড়কটিতে আর কোনো সংস্কার কাজ করা হয়নি। নওগাঁ থেকে এ সড়ক দিয়েই বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার যেতে হয়।
এছাড়া নওগাঁ পত্নীতলা, সাপাহার ও ধামইরহাট উপজেলাবাসীর চলাচলের প্রধান রাস্তা এটি। রাস্তাটি ২২টনের বেশি যান চলাচলের উপযোগী নয় কিন্তু ৩০ থেকে ৪০ টন ওজনের পণ্যবাহী যানও চলাচল করছে। প্রতিদিন সড়কটি দিয়ে ১০ থেকে ১২ হাজার যানবাহন চলাচল করে।
সিএনজি চালিত অটোরিকশার চালক কমল দে বলেন, পাঁচ বছর আগেই সড়কটি সংস্কার ও প্রশস্ত করা হয়। এরপর মাঝে মাঝে গর্ত ভরাট কাজ ছাড়া সড়কটিতে তেমন কোনো উন্নয়ন কাজ হয়নি। ফলে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বাস চালক এমদাদ মোল্লা বলেন, রাস্তার এ অবস্থার কারণে আগে যেখানে নওগাঁ থেকে বদলগাছী যাইতে সর্বোচ্চ ২০ মিনিট সময় লাগতো এখন সেখানে ৫০ থেকে ৬০ মিনিট সময় লাগতেছে। খানাখন্দের কারণে গাড়ি প্রচুর ঝাঁকুনি খায়।
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, এ আঞ্চলিক সড়কে ছয় চাকার পণ্যবাহী ট্রাকের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১৫ টন এবং ১০ চাকার ট্রাকের ক্ষেত্রে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ২২টন। কিন্তু ট্রাকগুলো ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য পরিবহন করছে। ভারী পণ্যবাহী যানবাহনের কারণে সড়ক দ্রুত নষ্ট হয়ে যায়।
নওগাঁ-বদলগাছী সড়কটি নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ ভারী পণ্যবাহী ট্রাক। অধিকাংশ ট্রাকই বালুবাহী। তিনি আরও বলেন, এ সড়কটিসহ নওগাঁর পাঁচটি আঞ্চলিক সড়ক সংস্কারের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। তবে আপাতত গাড়ির চাকা যাতে চলতে পারে সেজন্য রাস্তাটির বেশি খারাপ অংশে ইট-খোয়া ফেলা হবে। খুব দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com