কামারখন্দে জামতৈল কড্ডা রাস্তায় সিএনজির অতিরিক্ত ভাড়ায় ভোগান্তিতে যাত্রীরা
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
১৯-১২-২০২০ ০৯:০৫ অপরাহ্ন
|
|
কামারখন্দে জামতৈল কড্ডা রাস্তায় সিএনজির অতিরিক্ত ভাড়ায় ভোগান্তিতে যাত্রীরা
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় কড্ডা থেকে জামতৈল পর্যন্ত রাস্তায় সিএনজি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে দশ টাকা ভাড়া নির্ধারিত করলেও প্রায় সময়ই দশ টাকার জায়গায় বিশ থেকে ত্রিশ টাকা ভাড়া আদায়ের অভিযোগ করেছে যাত্রীরা। এছাড়াও এই রাস্তায় অনেক সিএনজি নাম্বার প্লেট, লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স বিহীন কড্ডা থেকে জামতৈল পর্যন্ত চলাচল করছে অভিযোগ যাত্রীদের।
মো. ইব্্রাহিম হোসেন নামে এক যাত্রী জানান, আমি এই রাস্তায় নিয়মিত যাতায়াত করি সন্ধ্যা হওয়ার আগেই সিএনজি ড্রাইভার সবগুলো এক হয়ে আমাদের জিম্মি করে ১০ টাকার ভাড়া ২০ টাকা করে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ইমরান হোসেন নামে এক যাত্রী বলেন, কোন যুক্তি ছাড়াই এই রাস্তার ভাড়া দ্বিগুন আদায় করে। এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নিলে ভবিষৎতে সিএনজি ড্রাইভাররা অতিরিক্ত ভাড়া আদায়ের সাহস পাবে না।
অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে জামতৈল সিএনজি স্ট্যান্ডে দায়িত্বে থাকা আব্দুল মমিন জানান, এই রাস্তায় চলাচলের জন্য ১০ টাকা ভাড়া নেওয়া হয়, যখন যাত্রী এক সাইডে কম থাকে তখন অন্য সাইড থেকে যাত্রীর কাছ থেকে হয়তো ভাড়া বেশি নেয় সিএনজি চালক।
সিএনজি মালিক সমিতির সভাপতি মো. ফিরোজ আহমেদ জানান, জামতৈল থেকে কড্ডা পর্যন্ত রাস্তার নির্ধারিত ১০ টাকা ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া কোন ভাবেই আদায় করা যাবে না। কোন ড্রাইভার যদি যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে সেটা অবৈধ।
অবৈধ সিএনজি ও ড্রাইভিং লাইসেন্স বিহীন সিএনজি চলাচল প্রসঙ্গে সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জানান, অবৈধ গাড়ির বিরুদ্ধে নিয়মিত আমাদের অভিযান হয়। অভিযানে প্রচুর গাড়ি আটক হচ্ছে এবং মামলা হচ্ছে।
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ১৯-১২-২০২০ ০৯:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 784 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ