শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৭-১২-২০২০ ০৪:৪৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জ শহরে এসেছেন অথচ খাদেমেরপুলের নাম শোনেনি এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডের কাটাখালির তীর ঘেঁষে ব্রিটিশ আমলে তৈরী হয়েছিল একটি পুল যার নাম দেয়া হয়েছিল খাদেমের পুল। কালের বির্বতনে সেই পুলটি অদৃশ্য হয়ে গেলেও মানুষের মুখে পুলটির অস্তিত্ব এখনো বিদ্যমান। কিন্তু কে সেই খাদেম যার নামে এই পুল?- এই সম্পর্কে জানা যায়, সিরাজগঞ্জের কৃতিসন্তান, সোস্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিরাজগঞ্জে বহু শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব প্রফেসর ড. এম এ মান্নান সাহেবের নিজের লেখা “আত্মোপলব্দি” বইয়ের মাধ্যমে।
ডাঃ খাদেম আলী অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদগঞ্জ গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র সন্তান। ডাঃ খাদেম আলী ১৯১৯ সালের দিকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। কলেজে পড়ার সময় তিনি বেঙ্গল পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইন্সপেক্টর অব পুলিশ হিসেবে সারদা পুলিশ ট্রেনিং একাডেমিতে ট্রেনিং গ্রহণ করেন। সে সময় উপমহাদেশে বৃটিশ বিরোধী আন্দোলন তুঙ্গে। ডাঃ খাদেম আলী সাহেবের পিতা বৃটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত থাকায় ছেলেকে চাকুরী থেকে ইস্তফা গ্রহণ করান। পুলিশের চাকুরী থেকে ইস্তফা নেবার পর তিনি কলকাতায় ক্যাম্বেল হোমিও স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে হোমিওপ্যাথ ডিগ্রী লাভ করেন। হোমিওপ্যাথ ডিগ্রী অর্জনের পর কলকাতা থেকে সিরাজগঞ্জে চলে আসেন এবং ডাক্তারী প্রাকটিস শুরু করেন।
খুব অল্পদিনের মধ্যেই তার ডাক্তারী পেশার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে এমনকি তিনি কলকাতায় বেশ কয়েকটি রাজ্যে চিকিৎসা দিয়েছেন। তিনি ছিলেন অত্যন্ত আল্লাহভীরু, দয়ালু প্রকৃতির মানুষ।অসহায় গরীব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। তার উদারতা এবং ভালবাসার কারনে মানুষজন তাকে খুবই পছন্দ করতেন।
বর্তমানে সিরাজগঞ্জ শহরের মাঝখান দিয়ে বয়ে চলা যমুনা নদীর শাখা কাটাখালী নদী । এ নদী দিয়ে এক সময় বড় বড় লঞ্চ ষ্টিমার চলাচল করতো। বাহিরগোলা রোডের অদূরে শহীদগঞ্জে তৎকালীন সময়ে সবার চলাচলের সুবিধার্থে ডাঃ খাদেম আলী ডিস্ট্রিক কাউন্সিলের সহযোগীতায় একটি পুল তৈরী করেন যা পরবর্তীতে খাদেমের পুল নামে পরিচিতি পায়। সিরাজগঞ্জ জেলার অনেক মানুষই এই পুলের নাম শুনে থাকবেন। এই খাদেমের পুলের সাথের বাড়ীটিই ডাঃ খাদেম আলীর।
"আত্মোপলব্দি" বইয়ের লেখক সোস্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. এম এ মান্নান এই সমাজসেবক ও দয়ালু ডাঃ খাদেম আলীর সন্তান।
ডাঃ খাদেম আলী আনুমানিক ৭২ বছর বয়সে ১৯৬৮ সালে ৩রা মে পরলোকগমন করেন। তিনি চলে গেছেন কিন্তু তার কথা মানুষ আজো মনে রেখেছে তার কর্মের মাধ্যমে। এ জন্যই কথায় বলে, কীর্তিমানের মৃত্যু নেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com