শিরোনামঃ
দিলীপ গৌর ১৫-১২-২০২০ ০৭:০৫ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরের ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা চর নরিনা বাজারসংলগ্ন হুরাসাগর নদীর ওপর বাঁশের সাঁকো। স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকোটির আয়তন ২৫০ ফুট। বিগত তিন বছর হলো এলাকাবাসীর উদ্যোগে চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমের প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে এ বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয় প্রতি বছরই।
প্রতি বছর ১০ গ্রামের মানুষের আর্থিক সহায়তায় সাঁকোটির নিমার্ণ ও সংস্কার করা হয়। বর্তমানে সাঁকোটি নড়বড়ে হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, উপজেলার নরিনা ইউনিয়নের চর নরিনা গ্রামটি অত্যন্ত দুর্গম এলাকা। নদী সংলগ্ন হওয়ায় প্রতি বছরই বন্যায় ক্ষতিগ্রস্থ হয় চলাচলের সংকীর্ণ রাস্তাঘাট। এ গ্রামে যাতায়াতের ভালো কোনো রাস্তা নেই।
দুপাশে বয়ে চলা করতোয়া ও হুরাসাগর নদী মূলত গ্রামটিকে বিছিন্ন করে রেখেছে নাগরিক সুবিধা থেকে। এই গ্রামের সঙ্গে আশপাশের কয়েকটি গ্রামে যেতে বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। এই রাস্তা দিয়ে চর নরিনাসহ ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ হাট-বাজার, অফিস-আদালত ও ১০টি স্কুল, কলেজ, মাদ্রাসার প্রায় তিন হাজার শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে।
এ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ভারী মালামাল আনা নেওয়া করা খুবই কঠিন হয়ে পরে শুষ্ক মৌসুমে। ফলে একটি স্থায়ী পাঁকা ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। এখানে ব্রিজটি নির্মিত হলে জনদুর্ভোগ লাঘব হবে সেই সঙ্গে যোগাযোগ ক্ষেত্রে নব দিগন্তের সূচনা হবে। এ ব্যাপারে নরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক মুন্ত্রী জানান, একটি সেতুর অভাবে এলাকাবাসী দীর্ঘদিন ধরেই চরম দুর্ভোগ পোহাচ্ছে।
তবে নদীর এ অংশে নয় আরও দক্ষিণ অংশে একটি সেতু তৈরির সিদ্ধান্ত হয়েছে। আশা করছি শিগগিরই কাজ শুরু হবে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আহম্মদ রফিক প্রতিদিনের সংবাদকে জানান, ইতিমধ্যেই ৯০ মিটার দৈর্ঘ্যরে একটি ব্রিজের জন্য প্রকল্প ডিপিপি তে অন্তর্ভূক্ত করা হয়েছে।
যেখানে বাঁশের সাঁকোটি রয়েছে তা থেকে ১০০ মিটার দক্ষিণে অর্থাৎ যেখানে সড়ক সংযোগ রয়েছে সেখানেই এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি কাজের উৎপাদন, চিকিৎসা, শিক্ষা ও ওই অঞ্চলের সার্বিক উন্নয়ন সাধিত হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com