পুলিশ বাহিনীর গৌরব সিরাজগঞ্জের সন্তান শহীদ আব্দুল কাদের মিয়া
২০ এপ্রিল, ২০২৬ ০৭:৩১ পূর্বাহ্ন

  

পুলিশ বাহিনীর গৌরব সিরাজগঞ্জের সন্তান শহীদ আব্দুল কাদের মিয়া

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৪-১২-২০২০ ০৩:৫৯ অপরাহ্ন
পুলিশ বাহিনীর গৌরব সিরাজগঞ্জের সন্তান শহীদ আব্দুল কাদের মিয়া

বাংলাদেশের মুক্তিসংগ্রামে বুদ্ধিজীবীদের অবদান অসামান্য। মুক্তিযুদ্ধ চলাকালে তাঁদের অনেকেই পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের শিকার হন। তার মধ্যে একজন সিরাজগঞ্জ জেলার কৃতীসন্তান শহীদ আব্দুল কাদের মিয়া।

শহীদ আব্দুল কাদের মিয়া ১৯৩০ সালের ১লা এপ্রিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷ তার পিতা মরহুম কছিম উদ্দীন আহম্মেদ ও মাতা মরহুমা আমেনা খাতুন ৷ দুইভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন পিতা-মাতার ৩য় সন্তান। তিনি ১০ ফেব্রুয়ারি ১৯৫২ সালে স্ত্রী ফিরোজা বেগমকে বিয়ে করেন।

তিনি প্রথমে জামিরতা প্রাইমারি স্কুল, জামিরতা এইচ.ই স্কুল ও দিনাজপুর সরকারি কলেজে শিক্ষাগ্রহণ করেন। ১৯৪৮ সালে তিনি রংপুর জেলায় কনস্টেবল পদে যোগদান করেন। তারপর তিনি ১৯৫০ সালে সহকারী সাব-ইন্সপেক্টর এবং ১৯৫১ সালে সাব-ইন্সপেক্টর পদে উন্নীত হন। ১৯৭০ সালে ইন্সপেক্টর পরীক্ষায় উত্তীর্ণ হয়। কর্মজীবনে তিনি রংপুর জেলার কোতোয়ালি, সৈয়দপুর, উলিপুর, ডিমলা, পাটগ্রাম, চিলমারী,কুড়িগ্রাম, বদরগঞ্জ, কিশোরগঞ্জ, পীরগাছা এবং গোবিন্দগঞ্জ থানায় নিযুক্ত ছিলেন।

১৯৭১ সালে ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায়। মুক্তিযুদ্ধ শুরু হলে ২৭ মার্চ দেবীগঞ্জ থানায় তিনি বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করে ঘোষণা করেছিলেন, এখন থেকে এই এলাকা স্বাধীন। তখন থেকে যুদ্ধে যোগ দেওয়ার জন্য তরুণ-যুবকদের তিনি অনুপ্রাণিত করতে থাকেন। যুদ্ধ করতে ইচ্ছুকদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের হাতে থানার অস্ত্রশস্ত্র তুলে দেন। নিজেও পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধে অংশ নেন। যুদ্ধের জন্য আরও অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে একবার সীমান্তের ওপারে হলদিবাড়িও গিয়েছিলেন। ৩১ মে আবদুল কাদের মিয়ার নেতৃত্বাধীন প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ হয়। এই যুদ্ধে দুজন প্রতিরোধযোদ্ধা নিহত ও তিনিসহ কয়েকজন আহত হন। তাঁর দল ছত্রভঙ্গ হয়ে যায়। আহতাবস্থায় তিনি কোনোরকমে তাঁর বাড়িতে (কর্মস্থলের বাসস্থান) আসেন। এদিকে এলাকার পাকিস্তান-সমর্থক শান্তি কমিটির লোকেরা আবদুল কাদের মিয়ার বাড়িতে আসার খবর জেনে যায়। তারা পাকিস্তান সেনাবাহিনীকে খবর দেয়। পরদিন সেনারা তাঁকে আটক করে। পরে ব্রুজেরডাঙ্গা (ভূষিরবন্দর) নামক স্থানে হত্যা করে মাটি চাপা দিয়ে চলে যায়। স্বাধীনতার পর সেখানে আবদুল কাদের মিয়ার জুতা, মোজা, আংটি ও কলম পাওয়া গিয়েছিল।
এ ঘটনার বর্ণনা জানা যায় আবদুল কাদের মিয়ার মেয়ে নূরজাহান বেগমের ‘আমার বাবা’ রচনা থেকে। নূরজাহান বেগম লিখেছেন, ‘আহত অবস্থায় পালিয়ে বহুকষ্টে বাবা আমাদের বাসার কাছাকাছি এক ভদ্রলোকের বাসায় আশ্রয় নেন। আমি তাঁর নাম জানি না। সেই হৃদয়বান ব্যক্তি নিজ হাতে রাতে বাবার ক্ষতস্থানগুলো গরম পানি, ডেটল দিয়ে পরিষ্কার করেন। একজন গ্রাম্য কবিরাজ ডেকে এনে কি কি লতাপাতা বেটে ক্ষতস্থানে প্রলেপ দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলেন। তারপর বাবার অনুরোধেই গভীর রাতে বাবাকে সাইকেলের সামনে বসিয়ে আমাদের কাছে পৌঁছে দেন। কে জানত এই আসাই বাবার শেষ আসা হবে! ‘বাবাকে আহত অবস্থায় দেখে আমি চিৎকার করে কেঁদে উঠি। মা আমাকে ধমক দিয়ে চুপ করে দেন। ছোট ভাইবোনরা ঘুমিয়ে ছিল। মাকে দেখে মনে হয়েছিল বাবা আসাতে তিনি মোটেই খুশি হননি। মা অস্থির হয়ে এক নিঃশ্বাসে বললেন, “তোমার এখানে না এলেই ভালো হতো। আমি না তোমাকে বারণ করে দিয়েছিলাম। এখন আর্মিরা যদি জেনে ফেলে তুমি এসেছ, তাহলে কি হবে বলো, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে।” বাবা উত্তরে বললেন, “তোমরা যদি মরে যাও, আমার বেঁচে থেকে কি হবে। বরং চলো আমরা সবাই ভোরে অন্য কোথাও চলে যাই। মরলে সবাই একসঙ্গে মরব, বাঁচলে একসঙ্গে।” মা বললেন, “আমাদের নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি মুক্তিযোদ্ধা। শত্রুরা জানতে পারলে তোমাকে বাঁচতে দিবে না।” ‘অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিলেন বাবা। টুকটাক ওষুধ ও সান্ত্বনা ছাড়া আর কিছুই তখন ছিল না। ভোর না হতেই যমদূতের মতো তদানীন্তন পিস কমিটির সেক্রেটারি আরো ২-১ জনকে সঙ্গে করে এসে বাবাকে ডাক দেয়। ওরা খোঁজখবর নিয়েই এসেছে। তারপর সাড়ে আটটা-নয়টা হবে। আমি দরজা খুলে সিঁড়ির ওপর দাঁড়িয়েছি। বাইরে তাকিয়ে দেখি লোকজন দৌড়ে পালাচ্ছে। আমি চিৎকার দিয়ে জিজ্ঞেস করি, কি হয়েছে? একজন বলে, “মেলিটারি, মেলিটারি।” আমি দৌড়ে গিয়ে মাকে বলি, মা, মিলিটারি এসে গেছে। ‘মা আমাকেসহ বড় মেয়েদেরকে বাসা ছেড়ে অন্য কোথাও চলে যেতে বললেন। আমরা বাসা ছেড়ে অন্য একটা বাসায় গেলাম। পরে শুনেছি বাবা বহুকষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার ক্লাসমেট ফারজিনাদের বাসা যান। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসার সামনে আর্মিদের জিপ থামে। কিছুক্ষণ পর কে যেন বাবাকে মিথ্যা সংবাদ দেয়, “আপনার বৌ-ছেলেমেয়েদের আর্মিরা ধরে নিয়ে যাচ্ছে।” কোনো পুরুষ মানুষ এ সংবাদ শুনে চুপ থাকতে পারে না। আমার যুদ্ধাহত বাবাও চুপ থাকতে পারেননি। তিনি তখন যান বাসায়। বাবাকে দেখতে পেয়েই হানাদার বাহিনী টেনেহিঁচড়ে তাঁকে নিয়ে যায়। সেদিন ছিল ১ জুন, রোজ মঙ্গলবার।।ঐ দিন দেবীগঞ্জ থানাধীন (ছোট মহলের নিকট) ভূষির বন্দর এলাকায় ব্রুজের ভাঙ্গা নামক স্থানে পাকসেনারা তাকে গুলি করে হত্যা করেন। পরদিন স্থানীয় লোকজন কর্তৃক মাটি চাপা দিয়ে তার লাশ সমাহিত করা হয়।

সরকার তার স্মরনে ১৯৯৯ সনে শহীদ বুদ্ধিজীবী হিসেবে দুই টাকা মৃল্যের স্মারক ডাক টিকেট প্রকাশ করে ৷ তার নিজ জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর ভায়া-জামিরতা পাকা সড়কটি তার নামে নামকরণ এবং পঞ্চগড়ের তৎকালীন পুলিশ সুপার এবং বর্তমান হাইওয়ে ডি.আই.জি মোঃ হারুনুর রশিদ দেবীগঞ্জ থানায় সার্ভিস ডেলিভারী সেন্টার ও পুলিশ লাইনের একটি রাস্তার নামকরণ করেন। মুক্তিযুদ্ধে পুলিশের আত্মত্যাগের মহিমা নিয়ে প্রথমবারের মতো তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “অর্জন ৭১”। চলচ্চিত্র নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন বলেন, আমার এ গল্পে উঠে এসেছে একজন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যের কাহিনী জনাব আবদুল কাদের মিয়া। মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর যে অবদান সেটা তুলে ধরার চেষ্টা করেছি।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৪-১২-২০২০ ০৩:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1191 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com